১১ জুন ২০২৬

দৈনন্দিন

ছাত্রনেতা মাহদীর করা হামলা চেষ্টার অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’: জেলা ছাত্রদল সভাপতি

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ১০ জুন, ২০২৬ ৯:২৯ অপরাহ্ন

ছবিঃ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ছাত্রনেতা মাহদী হাসান। ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ছাত্রনেতা মাহদী হাসানের করা হামলা চেষ্টার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন।

 

বুধবার (১০ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা নেই। বরং বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা ও ভাইরাল হওয়ার উদ্দেশ্যে সাজানো হয়েছে।

 

এর আগে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মাহদী হাসান ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, ছাত্রদলের নেতাকর্মীরা তার ওপর হামলার চেষ্টা করেছে। একপর্যায়ে তিনি হবিগঞ্জ সদর থানায় গিয়ে আশ্রয় নেন এবং বিষয়টি নিয়ে বক্তব্য দেন।

 

তবে মাহদীর অভিযোগ নাকচ করে দিয়ে রিংগন বলেন, ‘মাহদীর ফেসবুক লাইভেই তার অভিযোগের অসারতা স্পষ্ট হয়েছে। কারণ লাইভে যখন তিনি রিকশার পেছনের দৃশ্য দেখাচ্ছিলেন, তখন সেখানে কাউকে দেখা যায়নি। ছাত্রদলের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।’

 

তিনি আরও বলেন, ‘কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাস থেকে শুরু করে আজকের লাইভ পর্যন্ত পুরো বিষয়টি নিজেকে আলোচনায় আনা ও ভাইরাল হওয়ার অপচেষ্টা ছাড়া কিছু নয়। এটি একটি সাজানো নাটক।’

 

শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। তিনি ও তার পরিবার দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাদের সম্পর্কে কেউ কটূক্তি বা আপত্তিকর মন্তব্য করলে অতীতের মতো ছাত্র-জনতা তার জবাব দিয়েছে এবং ভবিষ্যতেও গণতান্ত্রিকভাবে জবাব দিতে প্রস্তুত থাকবে।’

 

তবে এ বিষয়ে মাহদী হাসানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো লিখিত অভিযোগ বা মামলার তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

মাহদী হাসান, শাহ রাজিব আহমেদ রিংগন, ছাত্রদল, হবিগঞ্জ, হামলা অভিযোগ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ