ইসরায়েলের আগ্রাসন পুরো বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি: এরদোয়ান
বিশ্বজুড়ে
প্রকাশঃ ১০ জুন, ২০২৬ ৯:১৪ অপরাহ্ন
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, সিরিয়া ও লেবাননে ইসরায়েলের হামলা এমন পর্যায়ে পৌঁছেছে, যা এখন তুরস্কের নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ইসরায়েলের আগ্রাসন শুধু আঞ্চলিক নয়, বরং পুরো বিশ্বের জন্যই বিপজ্জনক এবং তা বন্ধ করা জরুরি।
বুধবার (১০ জুন) দেওয়া এক বক্তব্যে এরদোয়ান এসব মন্তব্য করেন।
গাজা, ইরান ও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানের দীর্ঘদিনের সমালোচক তুরস্ক এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছে এবং আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
এরদোয়ান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাঁর সরকারের কর্মকাণ্ড লেবানন ও সিরিয়াকে এমন এক অস্থিতিশীল অবস্থায় নিয়ে গেছে, যার প্রভাব এখন তুরস্কের ওপরও পড়ছে। তিনি দাবি করেন, প্রতিবেশী দেশগুলোর স্থিতিশীলতার সঙ্গে তুরস্কের নিরাপত্তা সরাসরি সম্পর্কিত।
তুর্কি প্রেসিডেন্ট আরও অভিযোগ করেন, ইসরায়েল আফ্রিকার বিভিন্ন দেশ ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে এবং সাইপ্রাস-এ বিভাজনকে উসকে দিচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ক বা তুর্কি সাইপ্রিয়টদের অধিকার ক্ষুণ্ন করা হলে আঙ্কারার প্রতিক্রিয়া হবে ‘স্পষ্ট ও কঠোর’।
বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে এরদোয়ান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ইসরায়েলকে আরও উৎসাহিত করছে। তাই ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও দৃঢ় অবস্থান নেওয়া প্রয়োজন।
অন্যদিকে, নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এরদোয়ানের বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি এরদোয়ানকে ‘ইহুদিবিদ্বেষী স্বৈরশাসক’ আখ্যা দিয়ে অভিযোগ করেন, তুরস্কে কুর্দিদের বিরুদ্ধে সহিংসতা চালানো হচ্ছে এবং রাজনৈতিক বিরোধীদের দমন করা হচ্ছে।
নেতানিয়াহু বলেন, ইসরায়েল ও তার প্রতিরক্ষা বাহিনী ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে, কারণ তারা মধ্যপ্রাচ্য ও বিশ্বের জন্য হুমকি।
এরদোয়ান, ইসরায়েল, তুরস্ক, নেতানিয়াহু, মধ্যপ্রাচ্য সংকট