
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে কার্যকর পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল— ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জে ডিসি ডেপুটি কমিশনার ড. জি এম সরফরাজ। তিনি বলেন, গ্রাম আদালত হলো দেশের সাধারণ ও প্রান্তিক মানুষের জন্য দ্রুত, সহজ এবং স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পাওয়ার একটি অত্যন্ত কার্যকর মাধ্যম। ছোটখাটো বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে মূল আদালতের দীর্ঘসূত্রতা এড়িয়ে স্থানীয় পর্যায়ে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে গ্রাম আদালতের কোনো বিকল্প নেই।
তিনি এই আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ জনগণকে আরও বেশি সচেতন করতে জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের যার যার অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজুর রহমান মামুন, ইউপি সদস্য মোঃ শাহজাহান মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ নাজমুল হোসেন এবং বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমেদ আরজু।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
বানিয়াচং, গ্রাম আদালত, কর্মশালা

