০৩ জুন ২০২৬

বিশ্বজুড়ে

দিল্লিতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, বাংলাদেশিসহ ২১ জনের মৃত্যু

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৩ জুন, ২০২৬ ১০:১৭ অপরাহ্ন

ছবিঃ পিটিআই

ভারতের দিল্লির মালবীয় নগর এলাকায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে দেশটির গণমাধ্যম নিশ্চিত করেছে। এই ঘটনায় আরও অন্তত ১৭ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

বুধবার (৩ জুন) সকালে দিল্লির হাউজ রানি এলাকার ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ নামের পাঁচতলা হোটেল ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, নিহত ২১ জনের মধ্যে ১৮ জনই বিদেশি নাগরিক। এদের মধ্যে বাংলাদেশ, নাইজেরিয়া, মোজাম্বিক, সোমালিয়া, লাইবেরিয়া ও আফগানিস্তানের নাগরিকরা রয়েছেন। তবে কোন দেশের ঠিক কতজন নিহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

 

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের বরাত দিয়ে অনলাইন সংবাদমাধ্যম রিপাবলিক জানিয়েছে, এই ঘটনায় ৫ জন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ম্যাক্স হাসপাতাল ও সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে আগুনের কারণ হিসেবে সন্দেহ করা হলেও, তদন্তকারী কর্মকর্তারা এখন বিদ্যুৎ সংযোগের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন। পুলিশের স্পষ্ট তথ্য অনুযায়ী, আগুন হোটেলের ভবনের ভেতরেই লেগেছিল।

 

এদিকে, অগ্নিকাণ্ড পরবর্তী তদন্তে হোটেলটির বিরুদ্ধে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। ডব্লিউআইওএন-এর প্রতিবেদনে বলা হয়, হোটেলটিতে মাত্র ৬টি কক্ষ পরিচালনার সরকারি অনুমোদন থাকলেও তারা অবৈধভাবে ২৫টি কক্ষ পরিচালনা করছিল। অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও নিরাপত্তা নিয়ম মানার ক্ষেত্রে কর্তৃপক্ষ বড় ধরনের গাফিলতি করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

উদ্ধার অভিযানের সময় আগুন নেভাতে গিয়ে প্রায় ১০ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।


শেয়ার করুনঃ

বিশ্বজুড়ে থেকে আরো পড়ুন

দিল্লি অগ্নিকাণ্ড, হোটেলে আগুন, বাংলাদেশি হতাহত, মালবীয় নগর, ভারত সংবাদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ