১৯ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

বাহুবলে ১৫ কেজি গাঁজা জব্দ, নারীসহ আটক চার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৯ আগস্ট, ২০২৬ ৭:২৮ অপরাহ্ন


হবিগঞ্জের বাহুবলে ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক নারীসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সোয়া দুইটার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নে সিলেট-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


আজ বুধবার র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ প্রেরিত এক সংবাদঃ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 

আটক ব্যক্তিরা হলেন বান্দরবানের আলীকদম থানার ছাবের মিয়া পাড়ার মৃত রবি শীলের ছেলে রাজীব শীল (৩৯), হবিগঞ্জের চুনারুঘাট থানার পশ্চিম দুদনা এলাকার মো. শফিক মিয়ার ছেলে উসমান গণি (৩৫), মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার ফুলছড়া চা-বাগানের পরেশ বাকতির ছেলে সঞ্জু বাকতি (২৮) এবং হবিগঞ্জের চুনারুঘাট থানার জোয়াইরমাগুর টিলা এলাকার কবির মিয়ার মেয়ে ফারজানা আক্তার (২৬)।


র‍্যাব-৯ জানায়, মৌলভীবাজার থেকে শাহপরান পরিবহনে করে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে হবিগঞ্জের দিকে যাচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে রাত ২টা ৫৫ মিনিটের দিকে বাহুবল মডেল থানার মিরপুর ইউনিয়নের সিলেট-ঢাকা মহাসড়কে একটি তল্লাশিচৌকি বসানো হয়।


তল্লাশিচৌকিতে শাহপরান নামের একটি পরিবহন থামানোর সংকেত দিলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা চার ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে মাদকদ্রব্য গাঁজা থাকার কথা জানা যায়।


র‍্যাব আরও জানায়, আটক ব্যক্তিদের দেখানো মতে একটি কালো রঙের স্কুলব্যাগের ভেতর খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তারা পরস্পর যোগসাজশে মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।


অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদেরকে ও জব্দ করা আলামত হবিগঞ্জের বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

মাদক জব্দ, নারী আটক, মাদক ব্যবসা, র‍্যাব-৯, শাহপরান পরিবহন, বাহুবল মডেল থানা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ