সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃত বেড়ে ৩৭
যাপিতজীবন
প্রকাশঃ ১৮ মে, ২০২৬ ১:৪৬ অপরাহ্ন
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর বয়সই এক বছরের কম। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে।
সোমবার (১৮ মে) সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সিলেট স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়। অপর শিশুটি মারা যায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছরে মারা যাওয়া ৩৭ শিশুর মধ্যে চারজনের শরীরে পরীক্ষাগারে হাম শনাক্ত হয়েছে। বাকি শিশুরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে বলে উল্লেখ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রায় ৩০০ রোগী চিকিৎসাধীন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছে প্রায় ৮০ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৯ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ল্যাব-নিশ্চিত রোগী পাওয়া যায়নি। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৩ জন।
সিলেট, হাম, মৃত্যু