মধ্যরাতের ঝড়ে ভেঙে পড়ল যাদুকাটা সেতুর ৫টি গার্ডার
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১৮ মে, ২০২৬ ৩:০১ অপরাহ্ন
সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র জাফলংকে নতুন রূপে সাজানো হচ্ছে। পর্যটকদের জন্য আরও পরিচ্ছন্ন, নান্দনিক ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ গড়ে তুলতে বিভিন্ন সৌন্দর্যবর্ধনমূলক উদ্যোগ নিয়েছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।
জাফলংয়ের বিজিবি ক্যাম্পসংলগ্ন সিঁড়ির পাশে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন প্রবেশগেট, বসার বেঞ্চ, গাছ ঘিরে গোল চত্বর ও একটি ফটো গ্যালারি। স্থানীয় প্রশাসনের আশা, এসব উদ্যোগ পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তুলবে।
গতকাল রোববার বিকেলে এসব স্থাপনার উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাব–এর সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মন্নান এবং স্থানীয় পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিন দেশ–বিদেশ থেকে বিপুলসংখ্যক পর্যটক জাফলংয়ে ঘুরতে আসেন। তাদের জন্য পরিচ্ছন্ন ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতেই এসব উন্নয়নকাজ হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে নতুন গেইট ও ফটো গ্যালারি পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠবে বলে তারা মনে করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, জাফলং বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পর্যটন এলাকা। এর সৌন্দর্য সংরক্ষণ এবং পর্যটকদের সুবিধা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করছে। ভবিষ্যতেও পর্যটনবান্ধব বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
জাফলংয়ে ঘুরতে আসা পর্যটকদের কেউ কেউ মনে করছেন, নতুন এসব উদ্যোগ শুধু সৌন্দর্যই বাড়াবে না, দর্শনার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যও নিশ্চিত করবে। ফলে পর্যটনকেন্দ্রটি আগের তুলনায় আরও উপভোগ্য হয়ে উঠবে।
পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, পরিবেশ সংরক্ষণ ও অবকাঠামোগত উন্নয়নে উপজেলা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগ জাফলংয়ের পর্যটন সম্ভাবনাকে আরও এগিয়ে নেবে।
জাফলং, পর্যটন কেন্দ্র, সিলেট, গোয়াইনঘাট, উপজেলা প্রশাসন, সৌন্দর্য বর্ধন, সিলেট ভ্রমণ