০৪ মে ২০২৬

ধর্ম / ইসলাম

বিমানের নেটওয়ার্ক বাড়াতে ১৪টি নতুন এয়ারক্রাফট কেনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ মে, ২০২৬ ১১:০৮ পূর্বাহ্ন


বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ বিমানের নেটওয়ার্ক আরও বিস্তৃত করতে সরকার ইতিমধ্যে বোয়িং থেকে ১৪টি নতুন এয়ারক্রাফট ক্রয় করেছে। জাতীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠানটিকে কেবল লাভজনক করাই আমাদের লক্ষ্য নয়, বরং বিশ্ব দরবারে এটিকে একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের মূল উদ্দেশ্য।

 

রোববার (৩ মে) রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট থেকে হজের প্রথম ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, অদূর ভবিষ্যতে বহরে আরও বেশ কিছু উড়োজাহাজ যুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

 

রোববার রাত ১টা ২৫ মিনিটে সিলেট থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে যাত্রা করে প্রথম ফ্লাইট। গত বছরের ধারাবাহিকতায় এ বছরও সিলেট থেকে মোট ৭টি হজ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে একটি মদিনায় এবং বাকি ৬টি জেদ্দা বিমানবন্দরে যাবে। নির্ধারিত সূচি অনুযায়ী এসব ফ্লাইট ১৪, ১৫, ১৬, ১৭ (দুটি ফ্লাইট) ও ১৮ মে সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে।

 

এ বছর সিলেট অঞ্চলের মোট হজযাত্রীর সংখ্যা ৩ হাজার ৩৯৪ জন। এর মধ্যে ২ হাজার ৯৩৩ জন সরাসরি সিলেট থেকে সাতটি ফ্লাইটে সৌদি আরবে যাবেন এবং বাকি ৪৬১ জন ঢাকা হয়ে যাত্রা করবেন।

 

আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের কার্যক্রম উদ্বোধন করতে রোববার রাত সাড়ে ৯টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ এয়ারলাইন্স। 

 

বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট জেলার ব্যবস্থাপক মো. শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, বর্তমান সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ। 

 

দোয়া পরিচালনা করেন হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদের ইমাম ও খতিব হলেন হাফিজ মাওলানা আসজাদ। বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট জেলার ট্রাফিক অফিসার জাকির হোসেন সুমনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন স্টেশন ম্যানেজার সাকিল আহমদ। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, এবারের হজ্জ মৌসুমে যাত্রীদের ভোগান্তি কমাতে বিশেষ নিরাপত্তা ও সেবার ব্যবস্থা নিশ্চিত করেছে বিমান কর্তৃপক্ষ। মদিনাগামী প্রথম ফ্লাইটের যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বিদায় জানান মন্ত্রীসহ অতিথিবৃন্দ।


শেয়ার করুনঃ

ধর্ম থেকে আরো পড়ুন

বাণিজ্যমন্ত্রী, সিলেট ওসমানী বিমানবন্দর, হজ ফ্লাইট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ