ঢাকা-সিলেট রুটে একদিনের জন্য বিশেষ ট্রেন
যাপিতজীবন
প্রকাশঃ ২ এপ্রিল, ২০২৬ ৫:৫০ অপরাহ্ন
হবিগঞ্জে তেলবাহী ট্রেনের বগি দুর্ঘটনায় টানা ১৭ ঘন্টা ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় শিডিউল বিপর্যয় ও যাত্রীদের দুর্ভোগ এড়াতে একদিনের জন্য বিশেষ ট্রেন চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রেলওয়ে পূর্বাঞ্চলের এক তারবার্তায় এ তথ্য জানানো হয়। আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় সিলেট রেলওয়ে স্টেশন থেকে বিশেষ ওই ট্রেনটি ছেড়ে যাবে। মাঝপথে চারটি স্টেশনে যাত্রাবিরতি দিয়ে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা পৌঁছাবে ট্রেনটি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জারি করা এক অফিস আদেশে জানানো হয়, যাত্রাপথে সিলেট থেকে ছেড়ে কুলাউড়া, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ ও ঢাকার বিমানবন্দরে বিরতি দিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে।
রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীচাহিদা বিবেচনায় এই বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সিলেট-ঢাকা রুটে যাত্রীদের ভোগান্তি কমবে এবং যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বলেন, ‘যেহেতু গতকাল একটি দুর্ঘটনা হয়েছিল সেজন্য আমাদের ট্রেন সিলেট-ঢাকা রুটে শিডিউল বাতিল করতে হয়েছে।’
সিলেট ভয়েসকে তিনি বলেন, ‘তাই আগামীকাল শুক্রবারের জন্য একটি স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে। যেটি শুধুমাত্র একদিনের জন্য চলাচল করবে।’
সিলেট ঢাকা ট্রেন, স্পেশাল ট্রেন সিলেট, রেলওয়ে বিজ্ঞপ্তি, ট্রেন সময়সূচি, সিলেট যাতায়াত