১০ জুন ২০২৬

বিশ্বজুড়ে

মধ্যপ্রাচ্যে সংঘাত

আরব আমিরাতে প্রাণ গেল মৌলভীবাজারের সালেখের

প্রতিনিধি, মৌলভীবাজার

প্রকাশঃ ১ মার্চ, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন


মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সংযুক্ত আরব আমিরাতে সালেখ উদ্দিন ওরফে আহমদ আলী (৪৮) নামে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বজনদের দাবি, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি মারা গেছেন।


নিহত সালেখ মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের মৃত সবর আলীর ছেলে। রোববার (১ মার্চ) রাত ৯টায় দেশে থাকা সালেখের স্বজনেরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
 

পারিবারিক সূত্রে জানা যায়, সালেখ উদ্দিন সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করতেন। সেখানে তিনি পানির গাড়ি চালাতেন। শনিবার নিয়মিত কাজের অংশ হিসেবে তিনি পানির গাড়ি চালাচ্ছিলেন। ওই দিন সন্ধ্যায় ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজমান শহরে আঘাত হানে। 

 

এতে সালেখসহ আরো কয়েকজন আহত হন। এরপর তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালেখকে মৃত ঘোষণা করেন।
 
এদিকে, সালেখের মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
 
দেশে থাকা সালেখের ছোট ভাইয়ের স্ত্রী শেলি বেগম জানান, শনিবার থেকেই তারা সালেখের মৃত্যুর খবর শুনছিলেন, তবে নিশ্চিত হতে পারছিলেন না। রবিবার দুপুরে সংযুক্ত আরব আমিরাতে থাকা সালেখের ভাইয়েরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
 
সালেখ কীভাবে মারা গেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘শুনেছি ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই তার মৃত্যু হয়েছে।’
 
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. শাহজাহান বলেন, ‘সালেখের মৃত্যুর খবরে দুপুরে তাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।’


বড়লেখা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী সিলেট ভয়েসকে বলেন, ‘আমরাও তাঁর মৃত্যুর বিষয়টি শুনেছি। বিস্তারিত তথ্যের জন্য সহকারী কমিশনারকে (ভূমি) সরজমিনে পাঠানো হয়েছে।’


শেয়ার করুনঃ

বিশ্বজুড়ে থেকে আরো পড়ুন

আরব আমিরাত, মৃত্যু, বাংলাদেশি, ইরান, ইজরায়েল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ