১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্ত্রীকে হত্যা: সিলেট থেকে স্বামী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:৪১ অপরাহ্ন


কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামীকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সিলেটের কোতোয়ালি থানার কানিসাইল ঈদগাহ মসজিদের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


র‍্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত মহিনা বেগম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বানিয়ার ভিটা (দিগদারী) এলাকার বাসিন্দা। তিনি স্বামী ও দুই ছেলেকে নিয়ে ঢাকার কেরানীগঞ্জ থানার বাদামগাছতলা পল্লী বিদ্যুৎ এলাকায় বসবাস করতেন। গত বছরের ৬ ডিসেম্বর তিনি পরিবারসহ গ্রামের বাড়িতে যান।


বিজ্ঞপ্তিতে বলা হয়, মহিনা বেগম ও তার স্বামী বিভিন্ন এনজিও ও ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়েছিলেন, যার বেশির ভাগই ছিল মহিনার নামে। বাড়িতে যাওয়ার পর কিছু ঋণ পরিশোধ করা হলেও কিছু বকেয়া থেকে যায়। এ নিয়ে তাদের মধ্যে দুশ্চিন্তা চলছিল।


চলতি বছরের ১১ জানুয়ারি রাতে পরিবারের সদস্যরা খাবার শেষে নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। পরদিন ১২ জানুয়ারি ভোর সাড়ে ৫টার দিকে মহিনার শাশুড়ি ও মা ঘরের বাইরে থেকে দরজায় ছিটকিনি লাগানো দেখতে পান। প্রতিবেশীদের সহায়তায় দরজা খুলে তারা খাটের ওপর গলা ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাতে গুরুতর জখম অবস্থায় মহিনাকে পড়ে থাকতে দেখেন। এ সময় তার স্বামী মো. শহিদুল ইসলাম বাবলুকে ঘরে পাওয়া যায়নি।


পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে মহিনাকে হত্যা করে স্বামী পালিয়ে যান। এ ঘটনায় মহিনার ছেলে বাদী হয়ে নাগেশ্বরী থানায় হত্যা মামলা করেন।


র‍্যাব জানায়, ঘটনার পর থেকে তারা ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে মো. শহিদুল ইসলাম বাবলু(৫৫) কে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ (বানিয়ার ভিটা) এলাকায়।


গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

নাগেশ্বরী হত্যা, র‍্যাব-৯ সিলেট, স্ত্রী হত্যা মামলা, শহিদুল ইসলাম বাবলু, কুড়িগ্রাম সংবাদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ