জকিগঞ্জে ৫ কোটি টাকার আধুনিক ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন
দৈনন্দিন
প্রকাশঃ ২১ জুলাই, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক ফ্লাড সেন্টার (বন্যা আশ্রয়কেন্দ্র) নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দুর্যোগের সময় নিরাপদ আশ্রয় নিশ্চিত করার পাশাপাশি স্বাভাবিক সময়ে ভবনটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হবে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে বারঠাকুরী ইউনিয়নের রশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে বাস্তবায়িতব্য প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতী আবুল হাসান।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. কামরুল আহসান, জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস বুলবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশাররফ হোসেন, ইছামতি কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত, বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মুর্তুজা চৌধুরী টিপু, জেলা যুব মজলিস নেতা খাইরুল ইসলাম, সমাজসেবী মাওলানা আব্দুল করিম, ব্যবসায়ী ও সমাজসেবী জুবায়ের আহমদ, ছমরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুফতী আবুল হাসান বলেন, ফ্লাড সেন্টারটি নির্মিত হলে বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় বারঠাকুরী ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষ নিরাপদ আশ্রয়ের সুযোগ পাবেন। আর দুর্যোগকাল না থাকলে ভবনটি রশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসার পাঠদান ও অন্যান্য শিক্ষা কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হবে।
তিনি বলেন, দুর্যোগ ঝুঁকি মোকাবিলা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এ ধরনের বহুমুখী অবকাঠামো নির্মাণে গুরুত্ব দিচ্ছে। প্রকল্পের নির্মাণকাজের গুণগত মান বজায় রাখতে সংশ্লিষ্ট দপ্তরের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সহযোগিতা কামনা করেন তিনি।
সিলেট, জকিগঞ্জ, ফ্লাড সেন্টার