২২ জুলাই ২০২৬

অপরাধ-বিচার / মামলা

নদীর তীর কেটে বালু উত্তোলন, ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২১ জুলাই, ২০২৬ ৮:৪২ অপরাহ্ন


সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের চেলা নদীর শাখা ‘চৈলতার ঢালা’ থেকে নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বাদী হয়ে ছাতক থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ইসলামপুর ইউনিয়নের রহমতপুর, আলমপুর ও কাজিরগাঁও এবং দোয়ারাবাজার উপজেলার সোনাপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত চেলা নদীর শাখা ‘চৈলতার ঢালা’ থেকে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এ সময় নদীর তীর কেটে বালু সংগ্রহ করায় পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের দাবি, গত ১৬ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় ৩টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। পরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগেরও সত্যতা যাচাই করা হয়। তদন্তে দেখা যায়, গত ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত প্রতিদিন রাত ৮টার পর থেকে ভোর পর্যন্ত নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৬(ঙ), ১২ ও ১৫(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মামলায় রহমতপুর, আলমপুর, কাজিরগাঁও, ইসলামপুর ও ছনবাড়ি গ্রামের বাসিন্দাসহ দোয়ারাবাজার উপজেলার সোনাপুর এলাকার মোট ২৬ জনকে আসামি করা হয়েছে। পাশাপাশি আরও ১০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মামলার বাদী ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, তদন্তে রাতের আঁধারে নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এতে পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। তাই জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিলসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পরিবেশ অধিদপ্তরের দায়ের করা মামলাটি থানায় নথিভুক্ত হয়েছে। মামলাটির তদন্ত করবে পরিবেশ অধিদপ্তর। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, ছাতক, বালু উত্তোলন, মামলা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ