দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:১৯ অপরাহ্ন
সিলেটে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা, একের পর এক মামলা ও প্রাণনাশের হুমকিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন যুক্তরাজ্যপ্রবাসী এক নারী। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন মোছা. লুৎফা বেগম।
লুৎফা বেগম নগরীর চৌখিদেখী এলাকার রংধনু ১৯৮/৬ নম্বর বাসার বাসিন্দা এবং মৃত ছমির উদ্দিন আহমদ লেচুর স্ত্রী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সিলেট সদর থানার আম্বরখানা মৌজার এসএ ১১৬ নম্বর দাগভুক্ত একটি জমি তাঁদের পরিবার দীর্ঘদিন ধরে বৈধভাবে ক্রয় ও ভোগদখল করে আসছে। মূল মালিকদের কাছ থেকে রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে জমির মালিকানা তাঁদের পূর্বপুরুষদের কাছে হস্তান্তর হয়। পরে আপোষ বাটোয়ারা ও দলিল অনুযায়ী তাঁর স্বামী মরহুম জমির উদ্দিন আহমদ লেচু মিয়া এবং পরবর্তীতে তিনি নিজ নামে জমির অংশ ক্রয় করেন।
তিনি দাবি করেন, ওই জমিতে বসতবাড়ি নির্মাণ, সীমানাপ্রাচীর নির্মাণ, মাটি ভরাট, বিদ্যুৎ সংযোগ স্থাপন ও সিটি করপোরেশনের কর পরিশোধসহ প্রকাশ্যে ভোগদখল করে আসছেন তাঁরা। এলাকাবাসীর কাছেও তাঁরা জমির মালিক ও দখলদার হিসেবে পরিচিত।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সাম্প্রতিক বিএস জরিপে তাঁদের অজ্ঞাতে নালিশা দাগের প্রায় চার শতক জমি তাঁর স্বামীর বড় ভাই মৃত ছৈয়দ মিয়ার ছেলে সাহেদ আহমদ টিপু, ইজ্জত আহমদ এপলু, জাহেদ আহমদ বিপলু, ফরিদা জাহান, ফাহমিদা জাহান এবং তাঁদের মা রাজিয়া খাতুনের নামে রেকর্ড করা হয়েছে। বাস্তবে ওই জমিতে তাঁদের কোনো স্বত্ব বা দখল কখনো ছিল না বলে দাবি করেন লুৎফা বেগম।
তিনি আরও বলেন, ২০১৭ সালে যুক্তরাজ্যে অবস্থানকালে তাঁর বিরুদ্ধে নারী নির্যাতন ও ভাঙচুরের অভিযোগে মামলা করা হয়। পরে আইনজীবীর মাধ্যমে মামলা পরিচালনা করে ২০১৯ সালে দেশে এসে সামাজিক সালিশ বৈঠকে অংশ নেন। সালিশে নিজ নিজ জমিতে শান্তিপূর্ণভাবে অবস্থানের সিদ্ধান্ত হয় বলে তিনি জানান।
তবে এরপরও তাঁকে বিভিন্ন নম্বর থেকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
লুৎফা বেগম জানান, বিএস খতিয়ানের জাবেদা নকল সংগ্রহ করে জমির একটি অংশ অন্যের নামে রেকর্ড হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে তিনি সিলেট ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে রেকর্ড সংশোধনের মামলা দায়ের করেছেন। পাশাপাশি তাঁর দায়ের করা দেওয়ানি মামলায় ২০২৫ সালের জুলাই মাসে আদালত সাহেদ আহমদ টিপুর বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, আদালতের রায়ের পরও চলতি বছরের ৫ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে নতুন করে একটি মামলা দায়ের করা হয়। ৭ ফেব্রুয়ারি ভাঙা ঘর মেরামতের সময় পুলিশ নিয়ে এসে তাঁকে নোটিশ দেখানো হয়। পরে বিভিন্ন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
দীর্ঘদিন প্রবাসে থাকার সুযোগ কাজে লাগিয়ে বিবাদীপক্ষ জমি দখলের চেষ্টা করছে দাবি করে লুৎফা বেগম প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।
সিলেট, যুক্তরাজ্যপ্রবাসী, জমি, সংবাদ সম্মেলন, প্রেসক্লাব