প্রান্তিক চামড়া সংগ্রহকারীদের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকারের নজরদারী থাকবে: বাণিজ্যমন্ত্রী
ব্যবসা-বাণিজ্য
প্রকাশঃ ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১:১৫ অপরাহ্ন
রমজান শুরু হতে আর কয়েক ঘন্টা সময় বাকি। এমন সংবেদনশীল সময়ে বাজার পরিস্থিতি নিয়ে ভোক্তাদের উদ্বেগের মধ্যে স্বস্তির বার্তা দিলেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সরকারের হাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং মূল্য স্থিতিশীল রাখার মতো সক্ষমতা সরকারের আছে। তাই জনগণের দুশ্চিন্তার কোনো কারণ নেই।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, রমজানের আগে রিঅ্যাকশন টাইম খুব কম। তবে সুখের বিষয় হচ্ছে, আমাদের হাতে বিভিন্ন এসেনশিয়াল (জরুরী) পণ্যের পর্যাপ্ত মজুদ আছে। মূল্য স্থিতিশীল রাখতে আমরা প্রস্তুত।
তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ শুধু রমজানকেন্দ্রিক মূল্য নিয়ন্ত্রণ নয়; বরং সারা বছরজুড়ে বাজার স্থিতিশীল রাখা। এ জন্য দীর্ঘমেয়াদি ও স্বয়ংক্রিয় একটি কার্যকর প্রক্রিয়া (মেকানিজম) গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে, যা নিজে থেকেই বাজার পরিস্থিতি সামাল দিতে সক্ষম হবে।
মন্ত্রী বলেন, টিসিবির মাধ্যমে আমদানি করা পণ্য বাজারে সরবরাহ করে সরকার সরাসরি বাজারে প্রভাব ফেলে। “দ্রব্যমূল্যের একটি অংশ আমরা টিসিবির মাধ্যমে ইম্প্যাক্ট করি। এতে বাজারে ভারসাম্য রক্ষা সহজ হয়,” বলেন তিনি।
রপ্তানির ক্ষেত্রেও সংস্কারের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, এখনো অনেক ক্ষেত্রে ‘লাল ফিতার দৌরাত্ম্য’ রয়েছে। রপ্তানি প্রক্রিয়া সহজ করতে ডিরেগুলেশনের মাধ্যমে প্রক্রিয়া সরলীকরণ করা হবে, যাতে ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হয়।
এ সময় স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ প্রসঙ্গও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, ২০২৬ সালের নভেম্বরে নির্ধারিত এলডিসি গ্রেজুয়েশন তিন বছর পেছাতে দলীয়ভাবে অবস্থান নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত শুরু হবে এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) বিদেশি দপ্তরগুলোর সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করবে।
মন্ত্রী বলেন, এলডিসি উত্তরণ পিছিয়ে দিলে বাংলাদেশ আরও তিন বছর শুল্কমুক্ত বাজারসুবিধা ও সফট টার্মে ঋণ পাওয়ার সুযোগ পাবে। বৈশ্বিক ট্যারিফ কাঠামোর পরিবর্তনের প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের জন্য একটি স্থিতিশীল সময় নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
রমজানকে সামনে রেখে বাজার পরিস্থিতি নিয়ে সরকার সতর্ক রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, শুধু এক মাসের জন্য নয়, ১২ মাসের জন্য মূল্য স্থিতিশীল রাখাই আমাদের লক্ষ্য।
খন্দকার মুক্তাদির, বাণিজ্যমন্ত্রী, সিলেট, রমজান, সরকার