একটি রাজনৈতিক দল পোস্টাল ভোট দখলের নেয়ার চেষ্টা করছে: হবিগঞ্জে তারেক রহমান
নির্বাচনযাত্রায় বিএনপি
প্রকাশঃ ২১ জানুয়ারী, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ন
নির্বাচনী মাঠে আনুষ্ঠানিকভাবে নামতে আজ বুধবার সিলেট সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরের প্রথম দিনেই তিনি ধর্মীয় ও পারিবারিক কর্মসূচিতে অংশ নেবেন, আর পরদিন নির্বাচনী জনসভা দিয়ে শুরু করবেন প্রচারণা।
দলীয় সূত্র জানায়, বুধবার রাতে বাংলাদেশ বিমানের শেষ ফ্লাইটে সিলেট পৌঁছাবেন তারেক রহমান। রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে তাঁর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী জানান, সিলেটে পৌঁছার পর তিনি বিমানবন্দরসংলগ্ন একটি হোটেলে অবস্থান করবেন। এরপর সময় ও পরিস্থিতি অনুযায়ী রাতেই দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকায় শ্বশুরবাড়িতে যাবেন তিনি।
বিমানবন্দরে নামার পর রাতেই হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত করবেন বিএনপি চেয়ারম্যান। দলীয় নেতারা বলছেন, এই জিয়ারতের মধ্য দিয়েই তাঁর সিলেট সফরের আনুষ্ঠানিক সূচনা হবে।
বৃহস্পতিবার সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেলে অরাজনৈতিক তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। পরে বেলা ১১টায় নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
সিলেটের কর্মসূচি শেষ করে তিনি সড়কপথে ঢাকায় ফিরবেন। পথে মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৃথক দুটি জনসভায় অংশ নেবেন তারেক রহমান। এসব সভায় সংশ্লিষ্ট জেলাগুলোর বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।
এই সফরকে কেন্দ্র করে সিলেটে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে জানান কয়েস লোদী। তিনি বলেন, ‘তারেক রহমান শুধু দলের ভবিষ্যৎ রাষ্ট্রনায়কই নন, তিনি সিলেটের ঘরের মানুষ। অতিথিপরায়ণ সিলেটবাসী তাঁকে বরাবরের মতোই উষ্ণভাবে বরণ করবে।’
জনসভাকে সফল করতে বুধবার রাত থেকেই আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করবেন। অনেক কর্মী মাঠেই রাত কাটাবেন বলে প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে বুধবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন জানান, তারেক রহমান বৃহস্পতিবার সিলেট থেকে ধারাবাহিক নির্বাচনী সফর শুরু করবেন। সিলেটের পর তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন।
তিনি আরও জানান, এসব সফরে তারেক রহমানের সঙ্গে থাকবেন মনোনয়নবঞ্চিত সাবেক ছাত্রদল ও যুবদল নেতারা।
সিলেট, তারেক রহমান, নির্বাচনযাত্রায় বিএনপি