২৪ আগস্ট ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আনসার সদস্য নিহত

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৪ আগস্ট, ২০২৬ ১:১৭ অপরাহ্ন


সুনামগঞ্জের শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল হোসেন (২৭) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার সিচনী পয়েন্টসংলগ্ন ডাবর-জগন্নাথপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি ছুটিতে বাড়িতে এসেছিলেন। মৌলভীবাজারে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।


নিহত উজ্জ্বল হোসেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের বাসিন্দা আতাউর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ব্যাংক জামালগঞ্জের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।


স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল নয়টার দিকে সিচনী সেতু পার হয়ে কালাপুলসংলগ্ন মহাসড়কের দিকে বিকট শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থলে গিয়ে তারা সড়কের ওপর উজ্জ্বলকে পড়ে থাকতে দেখেন। তার মাথায় গুরুতর আঘাত ছিল। কিছু দূরে সড়কের পাশে তার মোটরসাইকেল পড়ে ছিল।


নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ছুটিতে বাড়িতে এসেছিলেন উজ্জ্বল। সোমবার সকালে মৌলভীবাজারে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে বের হন। পথে শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্ট এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি।


নিহতের বড় বোন শামীমা আক্তার বলেন, ছুটি কাটাতে উজ্জ্বল বাড়িতে এসেছিলেন। আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।


শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলিউল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনায় জামালগঞ্জের উজ্জ্বল নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। কোন পরিবহনের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে, তা এখনো জানা যায়নি। নিহতের পরিবারের সদস্যরা থানায় এসেছেন। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য তা সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।


উজ্জ্বল হোসেনের পরিচিতজনেরা জানান, তিনি দীর্ঘদিন ধরে রক্তের প্রয়োজনে অসহায় ও মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতেন। রক্তদাতা সংগ্রহ ও রক্তের ব্যবস্থা করে দেওয়ার মাধ্যমে স্থানীয়ভাবে তিনি পরিচিতি পেয়েছিলেন। তার উদ্যোগে অনেক মানুষ জরুরি সময়ে রক্ত পেয়েছেন।


উজ্জ্বলের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার সহকর্মী, রক্তদাতা, স্বেচ্ছাসেবী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোক নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তার মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ সড়ক দুর্ঘটনা, শান্তিগঞ্জ, আনসার সদস্য নিহত, উজ্জ্বল হোসেন, ডাবর পয়েন্ট, জামালগঞ্জ, ব্লাড ব্যাংক জামালগঞ্জ, সড়ক দুর্ঘটনা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ