৩০ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

জকিগঞ্জ–কানাইঘাটের ৭৭৯ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

প্রতিনিধি, জকিগঞ্জ, সিলেট

প্রকাশঃ ১৭ জানুয়ারী, ২০২৬ ৭:২৩ অপরাহ্ন


সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় শিক্ষার প্রসারে ধারাবাহিক ও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট। ট্রাস্টের আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৩৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৭৯ শিক্ষার্থীর মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়। ২০২৫ সালের নভেম্বর মাসে বৃহৎ
পরিসরে পরীক্ষা আয়োজনের পর শনিবার (১৭ জানুয়ারি) জকিগঞ্জ উপজেলার মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বৃত্তির অর্থ প্রদান করা হয়।

‎ট্রাস্টের সহ-সভাপতি এটিএম সেলিম চৌধুরীর সভাপতিত্বে এবং শুভ্রকান্তি দাস চন্দনের সঞ্চালনায় এ অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী ও বিপিএল সিলেট দলের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান। বৃত্তি অর্থের পাশাপাশি প্রতি শ্রেণিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত তিনজন করে মোট ২৪ জন শিক্ষার্থীকে কম্পিউটার ও ট্যাব প্রদান করা হয়। এছাড়া শিক্ষার্থীদের অভিভাবকদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। ট্রাস্টের পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ের ১০টি ও মাধ্যমিক পর্যায়ের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা
করে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

‎এবারের আয়োজনের একটি উল্লেখযোগ্য দিক হলো অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য সম্মাননা ভাতা প্রদান। ট্রাস্টের প্রতিশ্রতি অনুযায়ী ২০২৫ সালে অবসরে যাওয়া জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ১৪ জন শিক্ষক ও কর্মচারী প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। বেসরকারি উদ্যোগে এ ধরনের পেনশন স্কিম এলাকাবাসীর কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ফাহিম আল চৌধুরী বলেন, ‘জীবনে সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ না করলে সাফল্য অর্জন করা সম্ভব নয়। আমার লক্ষ্য হচ্ছে এলাকাকে এগিয়ে নেওয়া। সম্মানবোধ থেকেই আমরা প্রথমবারের মতো ট্রাস্টের মাধ্যমে পেনশন স্কিম চালু করেছি।’ নিজের সাফল্যের পেছনে মায়ের দোয়া ও পরিবারের অবদানের কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, ১০০ নম্বরের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হয়েছে। ৮০ ও তদূর্ধ্ব নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন ২ হাজার ৫শ টাকা, ৭০ থেকে ৭৯ নম্বরপ্রাপ্তরা ২ হাজার টাকা এবং ৬০ থেকে ৬৯ নম্বরপ্রাপ্তরা ১ হাজার ৫শ টাকা করে বৃত্তি পেয়েছে। ফাহিম আল চৌধুরী ট্রাস্ট গত বছরের ২১ ও ২২ নভেম্বর দুই দিনব্যাপী মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ আয়োজন করে। এতে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অংশ নেয়। প্রথম দিনে প্রাথমিক পর্যায়ের ২৫৪ টি স্কুল এবং দ্বিতীয় দিনে মাধ্যমিক পর্যায়ের ৯৮টি স্কুলের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়।

‎অনুষ্ঠানে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্টের সদস্য সচিব ও প্রধান শিক্ষক সাব্বির আহমদ, ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, জকিগঞ্জে প্রেসক্লাবের সভাপতি এখলাছুর রহমান, কে মামুন, দুই উপজেলার শিক্ষক, নেতা, অভিভাবক ও সুধীজনদের মধ্যে কুতুব উদ্দিন, মাওলানা মহি উদ্দিন, আব্দুল হামিদ, জয়েদ আহমদ ও বদরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ট্রাস্ট ও প্রতিষ্ঠাতা ফাহিম আল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

জকিগঞ্জ, কানাইঘাট, শিক্ষার্থী, মেধাবৃত্তি, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ