সুনামগঞ্জের হাওরবেষ্টিত মধ্যনগর ও ধর্মপাশা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকের ১২৫টি পদ শূন্য থাকায় শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষক সংকটের কারণে নিয়মিত শ্রেণি কার্যক্রম, মূল্যায়ন ও সহশিক্ষা কার্যক্রমে ভাটা পড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ধর্মপাশা উপজেলায় ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সহকারী শিক্ষকের ৭৩টি পদ শূন্য রয়েছে। অপরদিকে মধ্যনগর উপজেলায় ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সহকারী শিক্ষকের ৫২টি পদ দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে। ফলে অনেক বিদ্যালয়ে প্রয়োজনের তুলনায় শিক্ষক সংখ্যা অপ্রতুল থাকায় একাধিক শ্রেণির দায়িত্ব এক বা দুইজন শিক্ষককে বহন করতে হচ্ছে।

মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘সহকারী শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে হাওরাঞ্চলের বিদ্যালয়গুলোতে যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় বিকল্প ব্যবস্থাও নেওয়া যাচ্ছে না।’

ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস নেওয়া, বাড়ির কাজ দেওয়া ও অগ্রগতি মূল্যায়ন ব্যাহত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে শিক্ষক সংকট নিরসনে কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা করছে।’

এলাকাবাসী ও অভিভাবকরা দ্রুত শিক্ষক নিয়োগের দাবি জানান। তারা বলেন, ‘হাওরাঞ্চলের শিশুদের শিক্ষা নিশ্চিত করতে হলে অবিলম্বে শূন্য পদগুলোতে শিক্ষক নিয়োগ জরুরি।’ অন্যথায় শিক্ষার্থীদের ঝরে পড়ার ঝুঁকি বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

প্রাথমিক, শিক্ষক, সংকট, ধর্মপাশা, মধ্যনগর, সুনামগঞ্জ