০৪ আগস্ট ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / প্রকৃতি

টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা, কোথায় পর্যন্ত যেতে পারবেন পর্যটকরা?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ আগস্ট, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ন


টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত অংশে হাউসবোটসহ সব ধরনের পর্যটকবাহী ইঞ্জিনচালিত নৌযান চলাচলের ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। তবে পুরো হাওরে পর্যটন বন্ধ হচ্ছে না। পর্যটকরা নির্ধারিত সীমা পর্যন্ত নৌভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছে প্রশাসন।


জেলা প্রশাসনের তথ্যমতে, নিষেধাজ্ঞা শুধু টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) পর্যন্ত সীমাবদ্ধ। ফলে পর্যটকবাহী হাউসবোট ও অন্যান্য ইঞ্জিনচালিত নৌযান ওয়াচ টাওয়ার পর্যন্ত চলাচল করতে পারবে। তবে ওয়াচ টাওয়ার অতিক্রম করে সংরক্ষিত ইসিএ এলাকায় প্রবেশ করা যাবে না।


এছাড়া পর্যটকরা মাটিয়ান হাওর ও বৌলাই নদী হয়ে টেকেরঘাট পর্যন্ত নৌভ্রমণ করতে পারবেন। ফলে হাওরে ভ্রমণ পুরোপুরি বন্ধ হচ্ছে না; বরং পরিবেশ সংরক্ষণের স্বার্থে নির্দিষ্ট এলাকায় নৌযান চলাচল সীমিত করা হয়েছে।


জেলা প্রশাসন জানায়, ইঞ্জিনচালিত নৌযানের অনিয়ন্ত্রিত চলাচল, উচ্চ শব্দ, পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের কারণে টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় ‘টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ, ২০২৫’ অনুযায়ী নতুন নির্দেশনা কার্যকর করা হয়েছে।


নতুন নির্দেশনায় আগামী ১০ আগস্টের মধ্যে হাউসবোটসহ সব ধরনের পর্যটকবাহী নৌযানকে জেলা প্রশাসনের কাছে নিবন্ধনের জন্য আবেদন করতে বলা হয়েছে। নিবন্ধন ছাড়া কোনো পর্যটকবাহী নৌযান হাওরে চলাচল করতে পারবে না।


এ ছাড়া হাওরে উচ্চস্বরে গান বাজানো, মাইক ব্যবহার, হৈ-হুল্লোড় এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন ও ফেলে দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি নৌযানে বিশুদ্ধ পানির ফিল্টার, সেপটিক ট্যাংক, কমপক্ষে দুটি ডাস্টবিন, পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফবয় রিং ও অগ্নিনির্বাপক যন্ত্র রাখা বাধ্যতামূলক করা হয়েছে।


জেলা প্রশাসন জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা নৌযানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় নজরদারি জোরদার করা হবে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

টাঙ্গুয়ার হাওর, নৌযান, নিষেধাজ্ঞা, পর্যটক, পরিবেশ, জীববৈচিত্র্য

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ