০৪ আগস্ট ২০২৬

দৈনন্দিন / নগরজীবন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ৩ আগস্ট, ২০২৬ ৯:০৬ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের ফুটপাত দখলমুক্ত রাখা, যানজট নিরসন এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে পৌর কর্তৃপক্ষ। সোমবার (৩ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


অভিযানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এবং শ্রীমঙ্গল থানার পুলিশের একটি দল।

অভিযানকালে পৌর শহরের স্টেশন রোড, নতুন বাজার দক্ষিণ সড়ক, মাছবাজার ও সবজি বাজার এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পৌর কর্তৃপক্ষ জানায়, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার ফলে সড়ক সংকীর্ণ হয়ে যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।

পৌরসভা সূত্রে জানা যায়, এর আগে একাধিকবার মাইকিং করে ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত রাখার নির্দেশনা দেওয়া হলেও অনেকেই তা উপেক্ষা করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ দখল উচ্ছেদ করা হয় এবং ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এদিকে শহরে মালিকানাধীন গবাদিপশুর অবাধ বিচরণ রোধে পৃথক অভিযানও পরিচালনা করা হয়। পৌর কর্তৃপক্ষ জানায়, এসব গবাদিপশু ডাস্টবিনে খাদ্য খুঁজতে গিয়ে শহরের বিভিন্ন সড়ক ও জনসমাগমস্থল নোংরা করছিল। এ সময় তিনটি গরু আটক করা হয়। পরে ভুরভুরিয়া চা বাগানের গরুর মালিক মুচলেকা দিয়ে গরুগুলো নিয়ে যান।

পৌর প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখা, যানজট নিরসন এবং শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ফুটপাত দখল, শ্রীমঙ্গল পৌরসভা, ভ্রাম্যমাণ আদালত, জরিমানা, যানজট নিরসন, গবাদিপশু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ