০৪ আগস্ট ২০২৬

সিলেটজুড়ে

মৌলভীবাজারে ১২০০ কমলা গাছ কর্তন

তদন্ত চলাকালেই বদলি রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ আগস্ট, ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ন


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের আলোচিত রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়াকে রংপুরে বদলি করা হয়েছে। ফলন্ত প্রায় ১ হাজার ২০০টি কমলা গাছ কেটে ফেলার ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত চলমান থাকা অবস্থায় তার এ বদলির আদেশ দেওয়া হয়েছে।


মঙ্গলবার (৪ আগস্ট) সকালে সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে প্রীতম বড়ুয়াসহ বন বিভাগের আরও কয়েকজন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।


রাজকান্দি বন রেঞ্জের অধীন আদমপুর বন বিটের কালিঞ্জি এলাকায় সম্প্রতি বন বিভাগের উচ্ছেদ অভিযানের সময় ফল ধরার আগমুহূর্তে প্রায় ১ হাজার ২০০টি কমলা গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে। ক্ষতিগ্রস্ত বাগানটির মালিক সালমা বেগম ও আলিম উল্লা দম্পতি। ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।


এর পরিপ্রেক্ষিতে গত ২২ জুলাই সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়।


কমিটির অন্য দুই সদস্য হলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনা আক্তার এবং সিলেট বিভাগের সহকারী বন সংরক্ষক মো. নাজমুল আলম।


তদন্ত কমিটি গত ২৩ জুলাই ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় তারা ক্ষতিগ্রস্ত বাগান, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেন। বন বিভাগ সূত্র জানিয়েছে, তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে এবং কমিটির চূড়ান্ত প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি।


এদিকে তদন্ত শেষ হওয়ার আগেই সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তার বদলির আদেশকে কেন্দ্র করে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে বন বিভাগ বলছে, এটি মন্ত্রণালয়ের নিয়মিত প্রশাসনিক বদলির অংশ। তদন্ত কার্যক্রমের ওপর এ বদলির কোনো প্রভাব পড়বে না বলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।


শেয়ার করুনঃ

সিলেটজুড়ে থেকে আরো পড়ুন

প্রীতম বড়ুয়া, রাজকান্দি বন রেঞ্জ, কমলগঞ্জ, মৌলভীবাজার, ১২০০ কমলা গাছ, কমলা বাগান, বন বিভাগ, বন কর্মকর্তা বদলি, পরিবেশ ও বন মন্ত্রণালয়, তদন্ত কমিটি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ