২৯ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

‘আসন সমঝোতা শীঘ্রই চূড়ান্ত না হলে জনগণের প্রত্যাশা ব্যহত হবে’

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৮ জানুয়ারী, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ন


খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ বলেছেন, ফ্যাসিবাদের পতনের পর নতুন বাংলাদেশ গঠনের চ্যালেঞ্জ মোকাবিলায় আসন্ন জাতীয় নির্বাচন দেশপ্রেমিক ইসলামী শক্তির জন্য একটি বড় পরীক্ষা। এ সময়ে ইসলামী শক্তির ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মকে দুর্বল করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। তাই কোনোভাবেই এই সম্ভাবনাকে বিনষ্ট হতে দেওয়া যাবে না।


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে সিলেট মহানগরীর হাওয়াপাড়ায় এক জরুরি দায়িত্বশীল সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের ঘোষিত ‘ইসলামের ওয়ান বক্স’ নীতিকে কেন্দ্র করে ইসলামপন্থীদের দীর্ঘদিনের প্রচেষ্টায় গড়ে ওঠা আন্দোলনরত ৮ দলের প্ল্যাটফর্ম এখন দেশের একটি বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। এর সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের দেশপ্রেমিক দলগুলোর আসন সমঝোতার ভিত্তিতে গঠিত ১২ দলীয় নির্বাচনী এলায়েন্সকে ঘিরে সারা দেশে মানুষের ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।


মাওলানা নেহাল আহমদ আরও বলেন, এই ঐক্য বিনষ্ট করতে ষড়যন্ত্র চলছে। দ্রুত আন্তঃদলীয় বোঝাপড়া শেষ না হলে জনগণের প্রত্যাশা ব্যাহত হবে। ইসলাম ও দেশের কল্যাণে খেলাফত মজলিস সর্বোচ্চ ছাড় দিয়েই ঐক্য প্রক্রিয়াকে এগিয়ে নিতে প্রস্তুত রয়েছে। তবে মাঠের বাস্তবতা ও দলের সক্ষমতা বিবেচনায় নিয়ে আসন সমঝোতা না হলে দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কাজের পরিবেশ নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।


সভায় সিলেটের পাঁচটি সংসদীয় আসনে খেলাফত মজলিসের নির্বাচনী কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং নির্বাচনী আচরণবিধির আলোকে শেষ মুহূর্তের প্রস্তুতিমূলক কর্মসূচি চূড়ান্ত করা হয়। একই সঙ্গে সিদ্ধান্ত হয়, ১২ দলীয় আসন সমঝোতার চূড়ান্ত সিদ্ধান্ত যাই হোক না কেন, সিলেটের নির্ধারিত আসনগুলোতে খেলাফত মজলিস ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে।


এছাড়া জুলাই জাতীয় সনদের সাংবিধানিক ভিত্তির জন্য গণভোটের পক্ষে ব্যাপক জনমত গঠনের ওপর গুরুত্বারোপ করা হয় এবং দেওয়াল ঘড়ি প্রতীকের পক্ষে দাওয়াত ও গণসংযোগ কার্যক্রম আরও জোরদার করতে নেতা-কর্মীসহ সিলেটের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়।


সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিলেট-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা শাহ আশিকুর রহমান, আব্দুল হান্নান তাপাদার, কে এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা সালেহ নজীব আইয়ুবীসহ অন্যান্য নেতৃবৃন্দ।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

খেলাফত মজলিস, ১২ দলীয় আসন সমঝোতা, মাওলানা নেহাল আহমদ, সিলেট নির্বাচন, দেওয়াল ঘড়ি প্রতীক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ