প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
দেশজুড়ে
প্রকাশঃ ২৮ মে, ২০২৬ ৩:০০ অপরাহ্ন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক শুভেচ্ছাবার্তায় তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যকার সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের বরাত দিয়ে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো বার্তায় নরেন্দ্র মোদি বাংলাদেশের ভাতৃপ্রতিম জনগণকে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান।
বার্তায় মোদি বলেন, ঈদুল আজহা ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। ভারতের কোটি কোটি মুসলমান উৎসবটি আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে উদযাপন করছেন।
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের যে শিক্ষা দেয়, তা শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দ্বিপক্ষীয় সম্পর্কের প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদি বলেন, পারস্পরিক সাংস্কৃতিক বন্ধন, শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে। এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে জনকল্যাণমূলক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত।
তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের অভিন্ন উন্নয়ন ভাবনা ও সহযোগিতা উভয় দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধিতে ভূমিকা রাখবে।
শুভেচ্ছাবার্তায় নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করেন তিনি।
সূত্র: বাসস
নরেন্দ্র মোদি, তারেক রহমান, ঈদুল আজহা, ভারত বাংলাদেশ সম্পর্ক, ঈদ শুভেচ্ছা