২৬ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

দেশের পথে তারেক রহমান, সিলেট হয়েই যাবেন ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৪ ডিসেম্বর, ২০২৫ ১০:০৪ অপরাহ্ন


দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর অবশেষে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বুধবার রাতেই যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা দিয়েছেন তিনি।

দেশের মাঠিতে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি প্রথমে অবতরণ করবে তার শ্বশুড়বাড়ির এলাকা সিলেটে। নিরাপত্তার স্বার্থে তারেক রহমান বিমান থেকে না নামলেও তার আগমণ ঘিরে সিলেটে উৎসব বইছে। তাকে এক নজর দেখার জন্য অনেকেই বিমান বন্দরে ভিড় জমাবেন।

তবে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে সমবেত ও ভিড় না করার জন্য দলের পক্ষ থেকে নির্দেশ দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।  

বিএনপির দলীয় সূত্র জানা গেছে, বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায়) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯ টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণ করবে। সিলেটে ঘন্টাখানিক যাত্রাবিরতি দিয়ে বৃহস্পতিবার দুপুর ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানের সঙ্গে দেশে ফিরবেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিষ্টার জাইমা রহমান।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, লন্ডন থেকে প্রথমে সিলেটে আসলেও নিরাপত্তার স্বার্থে বিমান থেকে নামবেন না তারেক রহমান। দলীয় নেতাকর্মীদেরও সিলেট বিমানবন্দর এলাকায় যেতে মানা করা হয়েছে। যাত্রাবিরতির কারণে সিলেট ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

তিনি আরও বলেন, তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে সিলেট জেলা বিএনপির অন্তত ৩০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। অন্তত দুইশো বাস ও ট্রেনের বিশেষ ৬টি বগিতে সবাই রওয়ানা দিবেন।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে কেবল বিএনপি নয়, সাধারণ মানুষজনের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তারেক রহমান লন্ডন থেকে প্রথমে সিলেটে আসবেন, একারণেও সিলেটের মানুষদের মধ্যে বাড়তি উদ্দীপনা রয়েছে।

তিনি বলেন, তারেক রহমনেকে বরণ করতে সিলেট থেকে অন্তত ৫০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। ইতোমধ্যে অনেকে ঢাকায় চলে গেছেন। বাকীরা বুধবার রাতের মধ্যেই চলে যাবেন। সাধারণ মানুষজনও এই ঐতিহাসিক মূহূর্তের সাক্ষী হতে ঢাকায় যাচ্ছেন।

সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, বিমানবন্দর এলাকায় সবসময়ই নিরাপত্তা জোরদার থাকে। আন্তর্জাতিক ফ্লাইট অবতরণের আগে আমরা সবসময়ই সর্বোচ্চ সতর্ক থাকি। তার পাশপাশি যে ধরণের নির্দেশনা আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ইতোমধ্যে বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারী জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হবে। তাছাড়া ওইদিন বিমানবন্দর এলাকায় কোন লোকসমাগমও করা যাবে না।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

তারেক রহমান, সিলেট, বিএনপি, বাংলাদেশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ