০৪ মে ২০২৬

ধর্ম / ইসলাম

বংশীকুন্ডায় ইসলামি ছাত্র পরিষদের তারুণ্যের মাহফিল

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২৪ ডিসেম্বর, ২০২৫ ৩:৫২ অপরাহ্ন


সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ইসলামি ছাত্র পরিষদ বংশীকুন্ডার উদ্যোগে তারুণ্যের মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর ) বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাদ জোহর থেকে দিন ও রাত্রিব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন হযরত মাওলানা আশরাফুজ্জামান এবং পরিচালনায় ছিলেন ইসলামি ছাত্র পরিষদ বংশীকুন্ডার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ।

মাহফিলের প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি বদরুদ্দীন বিন ইসহাক আল-মাদানী (হাফি.) বলেন, ‘বর্তমান ফিতনা–ফাসাদের এই সময়ে তরুণ সমাজকে কুরআন ও সুন্নাহভিত্তিক জীবন গঠনে মনোযোগী হতে হবে। ঈমান, তাকওয়া ও আল্লাহভীতির মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করলেই ব্যক্তি ও সমাজ কল্যাণের পথে অগ্রসর হতে পারে।’

বিশেষ আলোচক হিসেবে লেখক ও গবেষক হযরত মাওলানা রুহুল আমিন সাদী বলেন, ‘নৈতিক অবক্ষয় ও মূল্যবোধের সংকট আজ সমাজব্যবস্থাকে গ্রাস করেছে। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো ইসলামী আদর্শভিত্তিক সমাজ বিনির্মাণ।’

শায়খুল হাদীস হযরত মাওলানা মুফতি মাসুম বিন সিরাজী (দা.বা.) মানব জীবনে তাকওয়ার গুরুত্ব ও প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘তাকওয়া ছাড়া ঈমানের পূর্ণতা সম্ভব নয়। ব্যক্তি, পরিবার ও সমাজ-সব ক্ষেত্রেই তাকওয়াভিত্তিক আমল ও চরিত্র গঠনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব।’

অনুষ্ঠানে অতিথি ছিলেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন, অধ্যক্ষ নুরুল আমিন, শাহিন উদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম, মাহবুবুল আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিসবাহ, আলী হোসেন ও জহিরুল ইসলাম প্রমুখ।
 
ইসলামি ছাত্র পরিষদ বংশীকুন্ডার সভাপতি মামুন হোসেন বলেন, ‘এই সংগঠন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়; বরং কুরআন-সুন্নাহর আলোকে আদর্শবান ছাত্রসমাজ গড়ে তোলাই এর মূল লক্ষ্য।’

মাহফিলে দেশের অন্যতম শিল্পীগোষ্ঠী চেতনা শিল্পীগোষ্ঠী পরিবেশনা করে। পাশাপাশি কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা, ইসলামী সঙ্গীত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মাহফিলকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, জনপ্রতিনিধি, সমাজকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।


শেয়ার করুনঃ

ধর্ম থেকে আরো পড়ুন

মধ্যনগর, বংশীকুন্ডা, ইসলামি ছাত্র পরিষদ, তারুণ্য, মাহফিল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ