২৬ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

সিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় না করার আহ্বান রিজভীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৪ ডিসেম্বর, ২০২৫ ৩:২৭ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সিলেট ও আশপাশের জেলার নেতাকর্মীদের সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় না করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৪ ডিসেম্বর) দলীয় কার্যালয়ে এক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে স্বাভাবিকভাবেই উৎসাহ, আবেগ ও উচ্ছ্বাস কাজ করছে। তবে সাংগঠনিক শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে সিলেট মহানগর, জেলা ও আশপাশের জেলার কোনো নেতাকর্মী যেন অহেতুক বিমানবন্দরে উপস্থিত না হন।

রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমান আগামীকাল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে আসবেন। ওই ফ্লাইটটি প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তবে তিনি সেখানে না নেমে সরাসরি ঢাকায় যাবেন।

বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, ঢাকায় পৌঁছে তারেক রহমান তার আগমনের জন্য নেওয়া প্রস্তুতি প্রত্যক্ষ করবেন। এরপর তিনি তার মাতা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন। বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

রুহুল কবির রিজভী জানান, মাকে দেখতে যাওয়ার পথে তারেক রহমান দেশবাসীর উদ্দেশে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাবেন।

তিনি আবারও অনুরোধ জানিয়ে বলেন, সিলেটের কোনো পর্যায়ের নেতাকর্মী যেন সিলেট বিমানবন্দরে গিয়ে ভিড় না করেন। বিষয়টি সিলেট মহানগর, জেলা ও আশপাশের জেলার সকল নেতাকর্মীকে অবগত থাকার আহ্বান জানান তিনি।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, বিমানবন্দর, নেতাকর্মী, ভিড়, আহ্বান, রিজভীর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ