২৬ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকার পথে সিলেটের নেতাকর্মীরা

প্রস্তুত ২০০টি বাস, ঢাকায় যাবেন অন্তত ৫০ হাজার নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৪ ডিসেম্বর, ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ন


দীর্ঘ দেড় দশকেরও বেশিসময় পর স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির শীর্ষ এই নেতার স্বদেশ প্রত্যাবর্তন স্মরণীয় করতে বিশাল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে দলটি। এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে এরই মধ্যে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন সিলেটের কয়েক হাজার নেতাকর্মী।

কাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে দেশজুড়েই বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। নেতাকর্মী ছাড়াও অনেক সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্র এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে, ঢাকায় তারেক রহমানকে বরণ অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যে সিলেট জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে পৃথক প্রস্তুতি সভা করা হয়েছে। প্রস্তুতি সভায় তারেক রহমানের ফেরার দিনে ঢাকায় বড় বহন নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সিলেটের বিএনপি নেতাকর্মীরা এখন ঢাকামুখী। ঢাকায় বড় সমাগম করতে চান সিলটে বিএনপির শীর্ষ নেতারা। 

সিলেট বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারেক রহমানের সংবর্ধনায় সিলেট থেকে ঢাকায় প্রায় ৫০ হাজার বা তারও বেশি নেতাকর্মী নিয়ে যাওয়ার চেষ্টা করছেন নেতারা। ইতোমধ্যে অনেকে ঢাকায় চলে গেছেন। মহানগর বিএনপির নেতাকর্মীরা অন্তত একশ গাড়ি নিয়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বিচ্ছিন্নভাবে ট্রেনে কিংবা অন্যান্য যানবাহনে অনেকে ঢাকায় যাচ্ছেন ।


জানা যায়, জেলার নেতাকর্মীদের যাতায়াত নিশ্চিত করতে সিলেট জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ২০০টি বাস ভাড়া করা হয়েছে। বাসের পাশাপাশি মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি ও বিভিন্ন ধরনের পরিবহনে করেও নেতাকর্মীরা ঢাকায় যাবেন। ফলে অংশগ্রহণের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে কেবল বিএনপি নয়, সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তারেক রহমান লন্ডন থেকে প্রথমে সিলেটে আসবেন, এই কারণেও সিলেটের মানুষদের মধ্যে বাড়তি উদ্দীপনা রয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট সিলেটে অবতরণ করবে। দলের নেতারা জানিয়েছেন, লন্ডন থেকে প্রথমে সিলেটে এলেও নিরাপত্তার স্বার্থে সিলেটে বিমান থেকে নামবেন না তারেক রহমান। দলীয় নেতাকর্মীদেরও সিলেট বিমানবন্দর এলাকায় যেতে মানা করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে তারেক রহমানকে সংবর্ধনা প্রদান করবে বিএনপি। রাজধানীর ৩০০ ফিট এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

তারেক রহমান, স্বাগত, ঢাকা, সিলেট, নেতাকর্মী, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ