২৯ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

সিলেটে পালিয়ে এসে রাত্রিযাপন, দুই কিশোরীকে পরিবারের নিকট হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩০ নভেম্বর, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ন


সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) পরিচয়ের সূত্র ধরে বাড়ি থেকে পালিয়ে আসা সিরাজগঞ্জ ও খুলনার দুই কিশোরীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা সমাজসেবা কর্মকর্তার উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয়।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ সিলেট ভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে তিনি সামাজিক যোগযোগ মাধ্যমে (ফেসবুক) এক পোস্টে তাদেরকে আটকের বিষয়টি জানান। 

 

পুলিশ জানায়, কলেজপড়ুয়া ১৭ বছরের এক কিশোরী  ও স্কুলপড়ুয়া ১৪ বছরের অন্য আরেক কিশোরীর মধ্যে ফেসবুকে পরিচয় হয়। পরে দুইজনই পরিবারকে না জানিয়ে নিজ নিজ বাড়ি থেকে পালিয়ে ঢাকায় গিয়ে দেখা করে। সেখান থেকে তারা সিলেটের কোম্পানীগঞ্জে পৌঁছে সাদা পাথর এলাকায় একটি রিসোর্টে রাতযাপন করে।

 

পরে দীর্ঘ সময় একসঙ্গে থাকার উদ্দেশ্যে থানার পাশের একটি বাড়িতে রুম ভাড়া নিতে গেলে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর পুলিশ তাদের থানায় নিয়ে আসে। পরবর্তীতে তাদের পরিবারের লোকজনদের বিষয়টি জানানো হয়। 

 

এসময় স্কুলপড়ুয়া কিশোরীর কাছ থেকে এক লাখ টাকার বেশি নগদ অর্থ ও চার ধরনের স্বর্ণালংকার পাওয়া যায় বলেও জানায় পুলিশ।

 

ওসি রতন শেখ সিলেট ভয়েসকে বলেন, ‘আজ সন্ধা সাড়ে ৭টার দিকে উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে দুই কিশোরিকে নিজ নিজ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এখন তারা পরিবারের হেফাজতে আছেন।’ 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, ফেসবুকে প্রেম, কিশোরীকে পরিবারের নিকট হস্তান্তর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ