০৫ মে ২০২৬

দৈনন্দিন

বিজয়ী হয়ে সুনামগঞ্জ-৩ আসন খালেদা জিয়াকে উপহার দিতে চাই: কয়ছর আহমদ

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ৮ নভেম্বর, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ন


সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন, আমি আগেও জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী ছিলাম। আগামী দিনগুলোতেও আপনাদের কর্মী ও সহযোদ্ধা হয়ে আপনাদের সাথে থাকতে চাই। দীর্ঘ ত্রিশ বছর পর সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির একজন কর্মীকে মনোনয়ন দিয়েছেন দেশ নায়ক তারেক রহমান। আমি ও এই আসনের সকল বিএনপির কর্মী-সমর্থকেরা তাঁর কাছে চির কৃতজ্ঞ।'

 

শনিবার (৮ নভেম্বর) বিকেল ৫টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালী পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, ‘এখন আমাদের দায়িত্ব আরো বেড়ে গেলো। জোটের প্রার্থীর জন্য বিগত দিনে আমরা যেভাবে দায়িত্ব নিয়ে কাজ করেছি সেভাবে এবারও কাজ করতে হবে। ধানের শীষ প্রতীক নিয়ে মানুষের ঘরে ঘরে যেতে হবে। সব শ্রেণির মানুষের  কাছে মা খালেদা জিয়া ও তারেক রহমানের  বার্তা পৌঁছাতে হবে। বিশেষ করে তরুণ ভোটারদের কাছে ধানের শীষ প্রতিকে ভোট চাইতে হবে। সুনামগঞ্জ জেলার মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়ে সুনামগঞ্জ-৩ আসন মা বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চাই।’

 

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বাধীনতা ঘোষণা দিয়েই তিনি থেমে যাননি,  রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশ দিয়ে গেছেন। এরপর তিনি দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার জন্য একটি দল গঠন করার উপলব্ধি করে। এবং সেই দলই হচ্ছে বিএনপি।’

 

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন ও ফারুক আহমদ। এসময় শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

কয়ছর এম আহমেদ, সুনামগঞ্জ-৩, নির্বাচন, বিএনপি মনোনীত প্রার্থী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ