২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

সিলেট-ঢাকা মহাসড়কের মাধবপুরে বাস উল্টে নিহত ১, আহত ২০

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ২৭ অক্টোবর, ২০২৫ ১২:৪৮ অপরাহ্ন

ছবিঃ প্রতীকী

সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে বাস উল্টে ১ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।


সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


দুর্ঘটনায় বাদল মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের পল্টু মিয়ার ছেলে।


জানা যায়, হবিগঞ্জের মাধবপুরে মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে বাদল মিয়া ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় আহতরা হলেন-মাহফুজ (৩০), সোহেল মিয়া (৩৫), মাসুদ মিয়া (৩০), মনজুর আলী (৩৪), অপু মিয়া (৩২), বাহার মিয়া (৩৮), রশিদ (৩৫), সাজাহান (৩৯), মুক্তার (২৫), বাদশা (২৮), লালখা (৩৫), হেলেনা (৩৫) ও সাত্তার মিয়া (৪০) প্রমুখ।

প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা যায়, রোববার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার এক মাজারে জিয়ারত শেষে ভোরে ‘দিগন্ত পরিবহন’—এর একটি যাত্রীবাহী বাসে করে বাড়ি ফিরছিলেন। বাসটি যখন মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় পৌঁছায়, তখন বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গভীর খাদে পড়ে উল্টে যায়। এতে বাসের নিচে অনেক যাত্রী আটকা পড়ে এবং বাদল মিয়া ঘটনাস্থলেই মারা যান।


দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।


মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কমল কৃষ্ণ জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ ও সিলেট পাঠানো হয়েছে।


মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. শহিদ উল্ল্যা বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করেছি। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।’


শেরপুর হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’


শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট-ঢাকা, মহাসড়ক, মাধবপুর, নিহত ১, আহত ২০, সড়ক, দুর্ঘটনা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ