সিলেটে বাণিজ্যমন্ত্রী
চামড়া শিল্পকে মাল্টি-বিলিয়ন ডলারের সম্ভাবনাময় রপ্তানি খাতে পরিণত করার উদ্যোগ সরকারের
রাজনীতি
প্রকাশঃ ১০ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ন
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, ‘দিরাই-শাল্লার মানুষের জন্য রাজপথে আন্দোলন করেছি, উন্নয়নের স্বপ্ন দেখেছি। আজ চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছি, তাই আপনাদের দোয়া চাই। ইনশাআল্লাহ সুস্থ হয়ে ফিরে এসে আবারও নির্বাচনে অংশ নেবো।’
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে দিরাই থানা পয়েন্টে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাছির চৌধুরী বলেন, ‘ভাসান পানিতে জেলেদের জীবনসংগ্রাম, কৃষকের ন্যায্য অধিকার—এসব নিয়ে আমি আন্দোলন করেছি। বিলাসী জীবন কাটাইনি, সারাজীবন আপনাদের সঙ্গেই থেকেছি। জীবনের শেষ দিন পর্যন্ত দিরাই-শাল্লাবাসীর পাশে থাকতে চাই।’
তিনি আরও বলেন, ‘বিগত দিনে অনেকেই ইচ্ছা থাকলেও আমাকে ভোট দিতে পারেননি। আশা করি, এবার তারাও আমার পাশে থাকবেন। আমার নামে, কিংবা ভাই-ভাতিজার নামে কেউ যেন ফায়দা না নেয়। এখানে আপনারাই আমার স্বজন। আমার দুই কন্যা আজ আপনাদের সামনে বসে আছে—আমি চাই, আমার অনুপস্থিতিতে আপনারাই তাদের অভিভাবক হয়ে থাকবেন।’
নাছির চৌধুরী অভিযোগ করেন, বিগত ১৭ বছরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। তিনি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরশাসক বিদায় নিয়েছে, ভোটের অধিকার ফিরে এসেছে। তাই সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিতে হবে।’
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে হবে। দিরাই-শাল্লা থেকে ধানের শীষের বিজয় উপহার দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে শক্তিশালী করতে চাই’।
সমাবেশে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুদ্র মিজান।
এছাড়া বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, শাল্লা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, সাবেক চেয়ারম্যান মখলিছুর রহমান লাল মিয়া, ইউপি চেয়ারম্যান আলী আহমদ, পৌর বিএনপির সদস্য কয়ছর ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জনসভায় সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা যোগ দেন। বেলা দুইটার দিকে দুই কন্যা নাজিয়া চৌধুরী ও নাদিয়া চৌধুরীকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন নাছির চৌধুরী।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা দিরাই-শাল্লা আসনে ধানের শীষ প্রতীকে নাছির চৌধুরীকে প্রার্থী করার দাবি জানান।
নাছির চৌধুরী বিএনপি, দিরাই শাল্লা নির্বাচন, সুনামগঞ্জ-২ আসন, বিএনপি জনসভা, ধানের শীষ প্রার্থী