১৭ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / মামলা

জৈন্তাপুরে পর্যটককে চাকুর ভয় দেখিয়ে ডাকাতি, চারজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৭ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৫২ অপরাহ্ন


সিলেটের জৈন্তাপুরে শ্রীপুর রাংপানি এলাকায় দুই পর্যটককে চাকুর মুখে জিম্মি করে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) আসামিদের আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

পুলিশ জানায়, গত শুক্রবার বিকালে নওগাঁর ধামইরহাট উপজেলার উদয়শ্রি গ্রামের সোহেল রানা (৪৫) ও তার সফরসঙ্গী ওয়াজিব উল হক রাংপানি এলাকায় বেড়াতে যান। ফেরার পথে বিকেল ৪টার দিকে এক ব্যক্তি তাদের পথরোধ করে জানায় সামনে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে। এরপর ভয় দেখিয়ে অন্য পথে নিয়ে যায়।

 

সেখানে দুইজন চাকু ঠেকিয়ে ধরে, পরে আরও তিনজন এসে তাদের প্রাণনাশের হুমকি দেয়। ডাকাতরা তাদের কাছ থেকে একটি ডিএসএলআর ক্যামেরা, দুটি মোবাইল ফোন ও ১৯ হাজার ৪০০ টাকা ছিনিয়ে নেয়।

 

ঘটনার পর রাতে সোহেল রানা জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ করলে ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। প্রায় পাঁচ ঘণ্টার মধ্যে উপজেলার কেন্দ্রী ঝিঙ্গাবাড়ী এলাকার একটি বাড়ি থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন— নুর মোহাম্মদ রনি (৪২), নুরুল ইসলাম কিলটন (২০), আবদুল মালেক মালু (২৭) ও সুমন আহমেদ (২৭)। তাদের কাছ থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। এছাড়া রনির জামাতার বাড়ি থেকে লুট হওয়া ক্যামেরা, একটি মোবাইল ফোন ও একটি ব্লুটুথ হেডফোন উদ্ধার করে পুলিশ।

 

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে জৈন্তাপুর মডেল থানায় ডাকাতি মামলা দায়ের করেন।

 

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘পলাতক আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

জৈন্তাপুর ডাকাতি, সিলেট পর্যটক লুট, রাংপানি ডাকাতি, জৈন্তাপুর সংবাদ, সিলেট খবর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ