১০ জুন ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশঃ ৯ জুন, ২০২৬ ৮:২০ অপরাহ্ন

ছবিঃ ইএসপিএন ক্রিকইনফো

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে ২২ বারের দেখায় মাত্র এক জয় কার্ডিফের সেই স্মৃতি দীর্ঘদিন ছিল শুধু স্মৃতিই। দুই দশকেরও বেশি সময় পর সেই ইতিহাসের ধুলা ঝেড়ে নতুন অধ্যায় লিখল বাংলাদেশ। মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ৮৬ রানের দাপুটে জয় তুলে নিয়ে বিশ্ব ক্রিকেটে আবারও আলোচনায় টাইগাররা।


ম্যাচটি রূপ নেয় একপেশে লড়াইয়ে, যেখানে ব্যাটে-বলে আধিপত্য দেখিয়েছে স্বাগতিকরা। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে তানজিদ হাসান তামিম (৫৪) ও নাজমুল হোসেন শান্ত (৬৭)-এর ফিফটির পর মোসাদ্দেক হোসেন সৈকতের অপরাজিত ৮৬ রানের ঝড়ো ইনিংসে ৮ উইকেটে ২৮৪ রান তোলে বাংলাদেশ।


জবাবে শুরু থেকেই ভেঙে পড়ে অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম বলেই ম্যাথু শর্টকে বোল্ড করে স্বাগতিকদের স্বপ্নময় সূচনা এনে দেন তাসকিন আহমেদ। পরের ওভারেই মার্নাস লাবুশেনকে এলবিডব্লিউ করেন মোস্তাফিজুর রহমান। ২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।


এরপরও কুপার কনোলি ও জশ ইংলিসের ৪৯ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়ে। তবে ১১তম ওভারে ইংলিসকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন নাহিদ রানা। এরপরই মিরপুরে শুরু হয় রানার গতির তাণ্ডব। একে একে অ্যালেক্স ক্যারি, লিয়াম স্কট ও জাভিয়ের বার্টলেটকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে ছত্রভঙ্গ করে দেন এই পেসার।


অ্যালেক্স ক্যারি (৪৭) ও ক্যামেরন গ্রিনের লড়াই কিছুটা আশা জাগালেও মোসাদ্দেক ও নাহিদ রানার ঘূর্ণি–গতির মিশেলে দ্রুত ভেঙে পড়ে অস্ট্রেলিয়া। ১২ রানের ব্যবধানে হারায় ৫ উইকেট। শেষদিকে গ্রিনের অপরাজিত ফিফটিতে লড়াই থামলেও ততক্ষণে ম্যাচ অনেকটাই বাংলাদেশের দখলে।


বৃষ্টি নামার আগেই ৯ উইকেটে ১৯১ রানে থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। পরে বৃষ্টি আইনে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।


বাংলাদেশের হয়ে ৪১ রানে ৪ উইকেট নেন নাহিদ রানা। মোসাদ্দেক হোসেন শিকার করেন ২ উইকেট, মোস্তাফিজ ও তাসকিন নেন একটি করে উইকেট।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, ওয়ানডে সিরিজ ২০২৬, মিরপুর ক্রিকেট, বাংলাদেশ জয় অস্ট্রেলিয়া

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ