১০ জুন ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

সিলেটে পুলিশের অভিযানে ৩৩ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৯ জুন, ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ন


সিলেট মহানগরের দুটি থানার পৃথক অভিযানে প্রায় ৩৩ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে পুলিশ। এসব অভিযানে চোরাচালানের সঙ্গে জড়িত অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, প্রসাধনসামগ্রী ও আমদানি-নিষিদ্ধ ওষুধ।


সোমবার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।


পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় জালালাবাদ থানার শিবেরবাজার এলাকার বটেরতল পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করেন এএসআই এখলাছুর রহমান। এ সময় বালুবোঝাই একটি ট্রাকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দ করা জিরার পরিমাণ ২ হাজার ২৫০ কেজি, যার বাজারমূল্য প্রায় ১১ লাখ ২৫ হাজার টাকা।


এ ঘটনায় সাদিকুর রহমান (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাক ও একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।


অন্যদিকে, এর আগের রাতে দক্ষিণ সুরমা থানার কদমতলীর হুমায়ুন রশিদ চত্বর এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ভারতীয় প্রসাধনসামগ্রী, আমদানি-নিষিদ্ধ ওষুধসহ বিভিন্ন ধরনের চোরাইপণ্য জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা।


এ ঘটনায় সবুজ লিটন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবেই এসব অভিযান চালানো হয়েছে। চোরাচালান চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট চোরাচালান, ভারতীয় জিরা জব্দ, সিলেট পুলিশ অভিযান, এসএমপি, জালালাবাদ থানা, দক্ষিণ সুরমা থানা, ভারতীয় পণ্য জব্দ, চোরাইপণ্য উদ্ধার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ