৩০ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

সিলেটে ১৭,৬৮১ শিক্ষার্থীর ফল পরিবর্তন হতে পারে কাল, জানা যাবে যেভাবে

মিফতা হাসান

প্রকাশঃ ৯ আগস্ট, ২০২৫ ১১:০৯ অপরাহ্ন


সিলেট শিক্ষাবোর্ডের চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের (উত্তরপত্র পুনঃনিরীক্ষণ) ফলাফল রোববার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। সিলেট শিক্ষাবোর্ড সূত্র এ তথ্য জানিয়েছে। একইসঙ্গে কীভাবে ফলাফল জানা যাবে, তাও জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।


যাদের ফল পরিবর্তন হবে তাদের এসএমএস করে প্রাপ্ত ফলাফল জানিয়ে দেওয়া হবে। এছাড়া সংশোধিত ফল বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হবে।


শিক্ষাবোর্ডের কর্মকর্তারা জানান, পুনর্নিরীক্ষণ করলে একজন শিক্ষার্থীর খাতা পুনরায় মূল্যায়ন করা হয় না। পুনর্নিরীক্ষণের আবেদন হওয়া উত্তরপত্রের চারটি দিক দেখা হয়। এগুলো হলো, উত্তরপত্রের সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কি না, প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কি না, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে উঠানো হয়েছে কি না এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত ভরাট করা হয়েছে কি না। 


এসব পরীক্ষা করেই পুনর্নিরীক্ষার ফল দেওয়া হয়। এই চারটি জায়গা কোনো ভুল হলে তা সংশোধন করে নতুন করে ফল প্রকাশ করা হয়।


সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর মো. তরিকুল ইসলাম সিলেট ভয়েসকে বলেন, 'এ বছর উত্তীর্ণ ও অকৃতকার্য মিলিয়ে ১৭ হাজার ৬৮১ জন শিক্ষার্থী ৩৪ হাজার ৯২০ পত্রের জন্য পুনঃনিরীক্ষণের আবেদন করেছে। ফলাফল রোববার (১০ আগস্ট) প্রকাশ করা হবে।'


গত ১০ জুলাই প্রকাশিত মূল ফলাফলে সিলেট বোর্ডের অধীনে ১ লাখ ২ হাজার ২১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭০ হাজার ৯১ জন পাস করে। পাসের হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬১৪ জন। 


পাসকৃতদের মধ্যে ২৮ হাজার ৬৮৪ জন ছাত্র ও ৪১ হাজার ৪০৭ জন ছাত্রী। ছেলেদের পাসের হার ৬৮ দশমিক ৬২ শতাংশ এবং মেয়েদের ৬৮ দশমিক ৫৪ শতাংশ।


ফল জানা যাবে যেভাবে

মোবাইল ফোনের মেসেজ অপশনে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে, স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে বার্তা। (উদাহরণ-SSC SYL ROLL YEAR)। ফিরতি মেসেজে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

 

এদিকে, মাদরাসা বোর্ডের পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশের আগে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। প্রি-রেজিস্ট্রেশনের পদ্ধতি হলো Dakhil<>Board Name [First 3 Latter]<>Roll<>Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।


বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil Mad 123456 2024 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।


কারিগরি বোর্ডের পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে SSC Board name (first 3 Letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC Tec 123456 2024 Send to 16222।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিলেট শিক্ষাবোর্ড, পুনঃনিরীক্ষণের ফলাফল, বোর্ড চ্যালেঞ্জ, এসএসসি পরীক্ষা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ