২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

গোয়াইনঘাটে নৌকা ডুবে বিজিবি সদস্য নিখোঁজ

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ৯ আগস্ট, ২০২৫ ৮:১৩ অপরাহ্ন


সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ও পশ্চিম জাফলং ইউনিয়নের মধ্যবর্তী ইছামতি নদীতে ভারতীয় চোরাই পণ্যবাহী একটি নৌকার ধাক্কায় বিজিবির নৌকা ডুবে গিয়ে মাসুম বিল্ল্যাহ (৩৫) নামে এক বিজিবি সদস্য নিখোঁজ রয়েছেন।

শনিবার (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে ইছামতি নদীর পন্নগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্ল্যাহ ৪৮ বিজিবি’র আওতায় গোয়াইনঘাটের সোনারহাট ক্যাম্পের একজন সিপাহী।

জানা যায়, চোরাই নদীতে নৌকা যোগে দুইজন বিজিবি সদস্য নৌকা নিয়ে ভারতীয় পণ্যবাহী নৌকা থামাতে যান। এ সময় পণ্যবাহী নৌকার ধাক্কায় উভয় নৌকা ডুবে যায়। নৌকায় থাকা এক বিজিবি সদস্য ও নৌকার মাঝি কোনোভাবে কিনারে উঠলেও মাসুম বিল্ল্যাহ উঠতে পারেননি। তাৎক্ষণিকভাবে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তাতে কোথাও খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর শুনার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছি। এখনও নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্ল্যাহকে খোঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসকে জানিয়েছি। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাবে।

৪৮ ব্যাটালিয়ন’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় নৌকার ধাক্কায় আমাদের নৌকা ডুবে গিয়ে এক সিপাহী নিখোঁজ রয়েছেন। ডুবুরি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালানো হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, গোয়াইনঘাট, বিজিবি, নিখোঁজ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ