০৪ মে ২০২৬

দৈনন্দিন

জুলাই গণঅভ্যুত্থান দিবস: কানাইঘাটে জুলাই যোদ্ধা সম্মিলন, গণমিছিল ও দোয়া মাহফিল

প্রতিনিধি, কানাইঘাট, সিলেট

প্রকাশঃ ৫ আগস্ট, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ন


ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে কানাইঘাটে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও সাংবাদিকদের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৫ আগস্ট) এসব আয়োজনে অংশ নেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দিনটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে "জুলাই যোদ্ধাদের সম্মিলন" অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তারের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা মো. জিলানীর সঞ্চালনায় আয়োজনে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়, কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল, উপজেলা জামায়াতের আমীর মাও. কামাল উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জামায়াত নেতা মাও. তাজ উদ্দিন, সাংবাদিক নিজাম উদ্দিনসহ গণমাধ্যমকর্মী ও সুধীজন।

এসময় বক্তারা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করে। কোনো ফ্যাসিস্ট শাসন যাতে ভবিষ্যতে বাকস্বাধীনতা ও গণতন্ত্র হরণ করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে কানাইঘাটের ২১ জন "জুলাই যোদ্ধা"-কে রাষ্ট্রীয় সম্মাননা স্মারক ও পুরস্কার সামগ্রী তুলে দেন ইউএনও তানিয়া আক্তার। এছাড়া উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পী ও সুরমা সাহিত্য সংসদের পরিবেশনায় দেশাত্মবোধক গান পরিবেশন করা হয় এবং কানাইঘাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও. সাদিকুর রহমান নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন।

জামায়াতে ইসলামীর বিশাল শোডাউন


একই দিনে, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কানাইঘাট উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে একটি বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় উপজেলা পরিষদ গেইট থেকে মিছিলটি শুরু হয়ে কানাইঘাট বাজার প্রদক্ষিণ করে উত্তর বাজারে পথসভায় মিলিত হয়।

মিছিলে জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। তারা দলীয় প্রতীক, জাতীয় পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। মিছিলকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা নায়েবে আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান বলেন, '২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে দেশের মানুষ নতুন স্বাধীনতা অর্জন করেছে। শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়ার মধ্য দিয়েই দেশের জনগণ তাদের নির্যাতনের অবসান ঘটায়।' 

তিনি আরও বলেন, 'জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি, হাজার হাজার নেতাকর্মীদের কারাবরণ ও নির্যাতনের পরও জনতার রায়েই ইতিহাসের বদল ঘটেছে।' আগামীতে ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র গঠনের লক্ষ্যে জামায়াতের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।

সভায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সূরা সদস্য মাও. ফয়জুল্লাহ বাহার, জেলা সহ-সেক্রেটারি মাও. মাসুক আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাও. নিজাম উদ্দিন খান, উপজেলা আমীর মাও. কামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা আবু তায়্যিব শামীম, ছাত্রশিবিরের সাবেক সভাপতি মারুফ আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পথসভা শেষে সুরমা সাহিত্য সংসদের শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক সংগীত পরিবেশিত হয়।


প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল


দিবসটি উপলক্ষে ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবেও আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ক্লাব সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুন নুর, সহ-সাধারণ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আজাদসহ অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সাংবাদিকরা সামনের সারিতে থেকে নির্যাতনের শিকার হয়েছেন। নিহত ও আহত সাংবাদিকদের স্মরণ করে তারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

আলোচনা সভা শেষে গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

কানাইঘাট গণঅভ্যুত্থান, জামায়াত গণমিছিল কানাইঘাট, জুলাই যোদ্ধা সম্মাননা, কানাইঘাট প্রেসক্লাব সভা, সিলেট ৫ জামায়াত নেতৃবৃন্দ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ