০৪ মে ২০২৬

দৈনন্দিন

বানিয়াচংয়ে ভাঙা সড়কে দুর্ভোগ, হাসপাতালে পৌঁছানোও কষ্টসাধ্য

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ

প্রকাশঃ ৫ আগস্ট, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ন


হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় গ্যানিংগঞ্জ বাজার থেকে সুফিয়া মতিন মহিলা কলেজ ও টেকনিক্যাল স্কুল পর্যন্ত সড়কটির বেহাল অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটি এখন শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের জন্য ‘দুর্ভোগের যাত্রাপথ’ হয়ে দাঁড়িয়েছে।


এদিকে প্রতিদিন শত শত মানুষ সড়কটি ব্যবহার করেন, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও রোগীরা রয়েছেন। বর্ষা মৌসুমে কাদা ও পানি জমে সড়কের অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে।


সরেজমিনে দেখা গেছে, রাস্তার অধিকাংশ অংশজুড়ে রয়েছে গর্ত, খানাখন্দ ও জমে থাকা পানি। এতে ইজিবাইক, মিশুক, সিএনজি ও রিকশাসহ ছোট যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনায় পড়ছে।


অনেক সময় যানবাহন উল্টে গিয়ে যাত্রী আহত হচ্ছেন। আর পায়ে হেঁটে চলাচলরত শিক্ষার্থীরা কাদায় পড়ে ইউনিফর্ম, বইপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট করছেন।

 

স্থানীয় ইজিবাইকচালক আব্দুস ছামাদ রাফি বলেন, 'এই রাস্তায় চলা মানেই প্রতিদিন মৃত্যুর আশঙ্কা নিয়ে যাত্রা করা। কখন গাড়ি গর্তে আটকে যায়, বলা মুশকিল।'


আরেক চালক আলমগীর মিয়া বলেন, 'প্রসূতি মায়েদের স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার সময় রাস্তায় ঝাঁকুনির কারণে তাদের কষ্ট আরও বেড়ে যায়। এমনও হয়েছে—রাস্তার ওপরেই সন্তান প্রসব করেছেন কেউ কেউ।'


পথচারীদের অভিযোগ, বছরের অন্যান্য সময়েও রাস্তার অবস্থা একই রকম খারাপ থাকে। রাস্তার মাঝখানে বড় বড় গর্ত, ভাঙা ইটসলিং আর কাদার কারণে প্রায়ই ছোট যানবাহন বিকল হয়ে পড়ে।


বিশেষ করে রোগী পরিবহন ও পণ্য সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।


স্থানীয় ব্যবসায়ী সাহেল মিয়া বলেন, 'সরবরাহ বিঘ্নিত হওয়ায় বিক্রিতে প্রভাব পড়ছে। সবচেয়ে কষ্ট পাচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। রোজ সকালে কাদা মাড়িয়ে স্কুলে পৌঁছাতে হচ্ছে তাদের।'


একাধিক শিক্ষার্থী জানান, 'স্কুলে যাওয়া মানেই যুদ্ধ। প্রতিদিনই কেউ না কেউ পড়ে যাচ্ছে। দ্রুত এই রাস্তা সংস্কার না হলে সমস্যা আরও বাড়বে।'


এ বিষয়ে বানিয়াচং উপজেলা প্রকৌশলী মো. সোহেল হোসাইন বলেন, 'গ্যানিংগঞ্জ বাজার থেকে সুফিয়া মতিন কলেজ পর্যন্ত সড়ক সংস্কারের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, জনদুর্ভোগ, বানিয়াচং, রাস্তা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ