০৪ মে ২০২৬

দৈনন্দিন

পর্যটকদের সেবা দেয়ায় স্বেচ্ছাসেবকদের সম্মাননা দিল প্রশাসন

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ১ আগস্ট, ২০২৫ ৬:১০ অপরাহ্ন


পবিত্র ঈদ-উল ফিতর ও ঈদ-উল আজহা উপলক্ষে সিলেটের জাফলং পর্যটনকেন্দ্রে দায়িত্ব পালন করা স্বেচ্ছাসেবকদের সম্মাননা স্মারক ও সনদপত্র দিয়েছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।

শুক্রবার (১ আগস্ট) সকালে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির যৌথ আয়োজনে এই সনদপত্র বিতরণ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির সভাপতি রতন কুমার অধিকারী।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, ‘আধুনিক বিশ্বে পর্যটন শিল্পকে অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই খাতের বিকাশে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় দরকার। জাফলংসহ পর্যটনকেন্দ্রগুলোকে আকর্ষণীয় করে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।’

তিনি বলেন, ‘পর্যটকদের তথ্য সহায়তা, পথনির্দেশ, নিরাপত্তা নিশ্চিতকরণসহ পরিবেশ রক্ষায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা প্রশংসনীয়। তাঁরা স্থানীয় সংস্কৃতি তুলে ধরেন এবং পর্যটকদের সঙ্গে স্থানীয় জনগণের সংযোগ স্থাপনেও কাজ করেন। এ কারণে তাঁরা পর্যটন শিল্পের একটি মূল্যবান অংশ।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ট্যুরিস্ট পুলিশ জাফলং জোনের ইনচার্জ ইন্সপেক্টর শাহাদাৎ হোসেন, গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) মারুফ আল মুকিত, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের উপকমিশনার হিফজুর রহমান খান ও উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক শামিম আহমদ।

এ ছাড়া বক্তব্য দেন জাফলং ট্যুরিস্ট পুলিশের সদস্য শাওন মিয়া, উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের এসআরএম মারুফ আহমদ, উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা আশিষ দা সৌরভ এবং সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারম্যাট আলম মিয়া।

অনুষ্ঠান শেষে ঈদে দায়িত্ব পালনকারী গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপ, উপজেলা যুব রেড ক্রিসেন্ট, সরকারি কলেজ রোভার স্কাউট, প্রকৃতি কন্যা জাফলং মুক্ত স্কাউট গ্রুপ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের হাতে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

গোয়াইনঘাট, সম্মাননা, প্রশাসন, স্বেচ্ছাসেবক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ