০৪ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

নিখোঁজের ৩ দিন পর জাফলংয়ে পর্যটকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ২৭ জুলাই, ২০২৫ ৬:০৭ অপরাহ্ন


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া মুকিত আহমদ (১৮) নামের এক তরুণের মরদেহ তিনদিন পর উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ জুলাই) সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মুকিত আহমদ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার রায়নগর এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে। পরিবারসহ তিনি বর্তমানে সিলেটের মাছিমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয়রা জানান, সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় পানিতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ জানান, রোববার সকালে বল্লাঘাট এলাকায় ভাসমান অবস্থায় মুকিত আহমদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এর আগে, গত শুক্রবার সকালে ২৮ জনের একটি দল বাসে করে জাফলংয়ে বেড়াতে আসেন। পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকায় পানিতে নামলে স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হন মুকিত। ঘটনার তিনদিন পর আজ সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় তাঁর  মরদেহটি ভেসে উঠে। 

 দুপুরের দিকে তারা সবাই পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকায় ফুটবল খেলতে নামেন। খেলা শেষে মুকিতসহ তিনজন নদীতে গোসলে নামলে হঠাৎ স্রোতের টানে তারা তলিয়ে যান। অন্য দু’জন কোনোভাবে তীরে উঠলেও মুকিত স্রোতের টানে নিখোঁজ হন। 

খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও  স্থানীয় ডুবুরীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জাফলং পানিতে ডুবে মৃত্যু মুকিত আহমদ নিখোঁজ জাফলং বল্লাঘাট মরদেহ উদ্ধার,সিলেটে নদীতে ডুবে মৃত্যু,পিয়াইন নদীতে দুর্ঘটনা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ