৩০ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

সুনামগঞ্জ মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন ঘোষণা

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ২১ এপ্রিল, ২০২৫ ৪:২২ অপরাহ্ন


পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও কলেজের নিজস্ব হাসপাতাল চালুর দাবিতে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (২১ এপ্রিল) সকাল ১১টায় কলেজের প্রশাসনিক ও একাডেমিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে রক্তাক্ত প্রতীকী এপ্রোন টাঙিয়ে দিয়ে আন্দোলন শুরু করেন তারা। পরে কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এসময় হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগানও দেন তারা।

শিক্ষার্থীরা জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবশ্যই একটি সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে—যার মাধ্যমে হাসপাতালের কার্যক্রম চালু ও ওয়ার্ড সুবিধা নিশ্চিত করা হবে। একইসাথে, আন্দোলনে হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত তাদের শাটডাউন কর্মসূচি চলবে।

মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তাক আহমেদ ভূইয়া শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে বলেন, হাসপাতাল চালু না থাকায় হাতে-কলমে শিক্ষা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিষয়টি ইতোমধ্যে একাধিকবার উর্ধ্বতন মহলকে জানানো হয়েছে বলেও তিনি জানান।

এর আগে রোববার (২০ এপ্রিল) সিলেট-সুনামগঞ্জ সড়কে টানা দ্বিতীয় দিনের মতো অবরোধ করেন শিক্ষার্থীরা। সেনাবাহিনী আন্দোলনকারীদের অবরোধ তুলে নিতে অনুরোধ জানালেও শিক্ষার্থীরা কর্মসূচি চালিয়ে যান। একপর্যায়ে সেনাবাহিনীর লাঠিচার্জে শিক্ষার্থীরা সড়ক ত্যাগ করেন।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল থেকে শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ক্লাস বর্জন, মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সড়ক অবরোধ করে আসছেন।



শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ, শিক্ষার্থীদের আন্দোলন, হাসপাতাল চালুর দাবি, ওয়ার্ড সুবিধা, ক্লাস বর্জন, রক্তাক্ত এপ্রোন, মানববন্ধন, সড়ক অবরোধ, স্বাস্থ্য মন্ত্রণালয়, মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, সুনামগঞ্জ খবর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ