০৫ আগস্ট ২০২৬

মানবিকতা / মানবিক আবেদন

অসুস্থ প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসা সহায়তায় চ্যারিটি ট্যুরে যাচ্ছে ‘ট্যুরিস্ট ক্লাব সাস্ট’

প্রতিনিধি, শাবিপ্রবি

প্রকাশঃ ৪ আগস্ট, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার জন্য চ্যারিটি ট্যুরের আয়োজন করেছে ট্যুরিস্ট ক্লাব সাস্ট। ‘সিলেট এক্সপ্লোর ২.০: ট্যুর ফর চ্যারিটি’ শীর্ষক এ আয়োজন থেকে পাওয়া অর্থের পুরো টাকা ব্যয় করা হবে ওই অসুস্থ শিক্ষার্থী আশরাফুল আলমের চিকিৎসায়।


ট্যুরিস্ট ক্লাব সাস্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল আলম বর্তমানে গুরুতর অসুস্থ। তার দুটি কিডনি বিকল হয়ে যাওয়ায় দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন। এ পরিস্থিতিতে তার পাশে দাঁড়াতেই সংগঠনটি এ উদ্যোগ নিয়েছে।


শুক্রবার (৭ আগস্ট) আয়োজিত এ চ্যারিটি ট্যুরে অংশগ্রহণকারীরা সিলেটের জৈন্তাপুর উপজেলার কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে নলজুড়ি, দ্য লাস্ট হাউজ অব বাংলাদেশ, রাংপানি ও আদুরি ঝরনা।


আয়োজকেরা জানান, ১ আগস্ট থেকে শুরু হওয়া ট্যুরের নিবন্ধন কার্যক্রম ৬ আগস্ট পর্যন্ত চলবে। ট্যুর থেকে অর্জিত লভ্যাংশের শতভাগ আশরাফুল আলমের চিকিৎসা তহবিলে দেওয়া হবে।


ট্যুরিস্ট ক্লাব সাস্টের সভাপতি নুরজামান হৃদয় বলেন, ‘আশরাফুল আলমের দুটি কিডনি বিকল হয়ে গেছে। তার চিকিৎসার জন্য আনুমানিক ৬০ লাখ টাকা প্রয়োজন। এই কঠিন সময়ে তার পাশে দাঁড়ানোর সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই চ্যারিটি ট্যুরের আয়োজন।’


তিনি আরও বলেন, ‘ভ্রমণের আনন্দের পাশাপাশি মানবিক একটি উদ্যোগে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই। অংশগ্রহণকারীদের সহযোগিতাই আশরাফুলের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।’



শেয়ার করুনঃ

মানবিকতা থেকে আরো পড়ুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থী, চিকিৎসা সহায়তা, চ্যারিটি ট্যুর, ট্যুরিস্ট ক্লাব সাস্ট, আশরাফুল আলম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ