০৫ সেপ্টেম্বর ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

সরকারের ১৮০ দিনের ব্যর্থতা তুলে ধরে শাবিপ্রবিতে ব্যানার টানাল ছাত্রশক্তি

নাজমুস সাকিব

প্রকাশঃ ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯:১৩ অপরাহ্ন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতা তুলে ধরে ব্যানার টানিয়েছে শাখা জাতীয় ছাত্রশক্তি।


আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ ক্যাম্পাসের ভেতরের বেশ কয়েকটি স্থানে এসব ব্যানার টানান শাখা ছাত্রশক্তির নেতৃবৃন্দ।


ব্যানারে অর্থনৈতিক অব্যবস্থাপনা ও জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট ও রেকর্ড লোডশেডিং, ওষুধের মূল্যনির্ধারণ নীতি বাতিল ও হাম ব্যবস্থাপনায় ব্যর্থতা, ব্যাংক দখল ও বাজার সিন্ডিকেট, বিরোধী দলের ওপর দমন-পীড়ন ও মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, গণভোটের জনরায় উপেক্ষা করে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করা, প্রাতিষ্ঠানিক দলীয়করণ ও নিয়োগ-বাণিজ্য, গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে দুর্বল আইন প্রণয়ন, স্বাধীন সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দখল ও চাঁদাবাজি, শিক্ষাঙ্গনে সরকারদলীয় ছাত্রসংগঠনের সন্ত্রাস এবং জুলাইয়ের আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকারের গাফিলতির অভিযোগ তোলা হয়েছে।

ক্যাম্পাসের ফটকে লাগানো ছাত্রশক্তির ব্যানার
এ ছাড়া ছাত্রদল কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতি ও ডাকসু নির্বাচিত নেতৃবৃন্দের ওপর হামলা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তি ও জকসু নেতৃবৃন্দের ওপর হামলাসহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে নৈরাজ্যের কথাও ব্যানারে উল্লেখ করা হয়েছে।


এর আগে বাংলাদেশ সরকারের প্রথম ১৮০ দিনের ঐতিহাসিক অগ্রযাত্রা শীর্ষক ব্যানার টানান শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির। বিএনপি সরকারের সফলতা তুলে ধরে টানানো ওই ব্যানারের জবাব হিসেবে ছাত্রশক্তি সরকারের ব্যর্থতা তুলে ধরে ব্যানার টানিয়েছে কি না জানতে চাইলে শাখা ছাত্রশক্তির সদস্যসচিব রিয়াজ হোসেন রিমন সিলেট ভয়েসকে বলেন, ছাত্রদলের ব্যানারের কাউন্টার হিসেবে আমরা ব্যানার টানিয়েছি, বিষয়টি এমন নয়। সরকারের ভালো কাজের পাশাপাশি ব্যর্থতাগুলোও সাধারণ শিক্ষার্থীদের জানা প্রয়োজন। এ জন্যই আমরা ব্যর্থতাগুলো তুলে ধরে ব্যানার টানিয়েছি।


শাখা ছাত্রশক্তির আহ্বায়ক রাশিদ আবরার বলেন, সরকারদলের নেতাকর্মীরা গত ১৮০ দিনে বিভিন্ন সফলতার কথা ফলাও করে প্রচার করেছে, অথচ বাস্তবতা ঠিক তার উল্টো। বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মানের ইতিবাচক কোনো পরিবর্তন তো হয়ইনি, বরং আরও অবনতি ঘটেছে। আমরা আমাদের পক্ষ থেকে বর্তমান সরকারের সেই স্পষ্ট ব্যর্থতার চিত্রই তুলে ধরেছি।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

ছাত্রশক্তি, শাবিপ্রবি, বিএনপি সরকার, ব্যর্থতা, ব্যানার, শিক্ষাঙ্গন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ