০৫ সেপ্টেম্বর ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ন


স্বাস্থ্য খাতে জনবল সংকট কাটাতে আগামী তিন মাসের মধ্যে বড় পরিসরে নিয়োগ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ নিয়োগের আওতায় সাড়ে ৭ হাজার নার্স, আড়াই হাজার চিকিৎসকসহ বিভিন্ন পদে মোট ৪৩ হাজার ৩৯০ জনকে নেওয়া হবে বলে জানান তিনি। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৮০ শতাংশ পদে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে, বিশেষত মিডওয়াইফ ও পরিচর্যাসেবা-সংশ্লিষ্ট পদগুলোতে এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।


আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট সিলেট জেলা হাসপাতাল এবং শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল ঘুরে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরেই লোকবল সংকটে ভুগছে। বর্তমান হিসাবে প্রতি ১১ থেকে ১২ হাজার মানুষের জন্য মাত্র একজন করে ডাক্তার বা নার্স আছেন দেশে। এই সীমিত জনবল দিয়েই স্বাস্থ্যকর্মীরা অক্লান্তভাবে রোগীসেবা দিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। এই সংকট নিরসনেই বৃহৎ পরিসরে নিয়োগের এই উদ্যোগ, পাশাপাশি অতীতের অনিয়মগুলো দূর করে মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।


এ ছাড়া সিলেটে নির্মাণাধীন ও অনুমোদিত অন্যান্য সরকারি হাসপাতালগুলোর নির্মাণকাজ ত্বরান্বিত করে শিগগির চালুর ঘোষণাও দেন স্বাস্থ্যমন্ত্রী।


এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মাহবুবুল আলম, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট হাসপাতালগুলোর চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

স্বাস্থ্য খাত, জনবল সংকট, নিয়োগ কার্যক্রম, নার্স, চিকিৎসক, হাসপাতাল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ