কমলগঞ্জে মনিপুরী ভাষা দিবস উদযাপন
শিল্প-সাহিত্য-সংস্কৃতি
প্রকাশঃ ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২৩ অপরাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জে উদযাপিত হয়েছে মনিপুরী ভাষা দিবস। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সহযোগিতায় তেতইগাঁও মণিপুরী কালচারাল কমপ্লেক্সে মনিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার উদ্যোগে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে ছিল মনিপুরী লিপি প্রতিযোগিতা, আলোচনা সভা, মনিপুরী ভাষার বইয়ের মোড়ক উন্মোচন, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বেলা সাড়ে ১১টায় মনিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সভাপতি, বাংলা একাডেমি ফেলো কবি ও গবেষক এ কে শেরামের সভাপতিত্বে এবং শিক্ষক অয়েকপাম অঞ্জুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রশিক্ষণ) আবুল কালাম এবং মণিপুর পেট্রিয়টিক ফোরামের সম্পাদক রাকেশ নাওরেম। অনুষ্ঠানে মণিপুরী জাতিগোষ্ঠীর প্রতিনিধি, সাংবাদিক ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
উল্লেখ্য, বিপন্ন ভাষা সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট চলতি বছরের ২ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত মৌলভীবাজার জেলার বিভিন্ন অঞ্চলে বসবাসরত মণিপুরী জনগোষ্ঠীর সঙ্গে সাক্ষাৎকারের মাধ্যমে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভাষা উপাত্ত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে।
মনিপুরী ভাষা, কমলগঞ্জ, ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, মনিপুরী কালচারাল কমপ্লেক্স, মনিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থা