০৪ সেপ্টেম্বর ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

সিলেটে ভারতীয় চা-পাতা জব্দসহ নম্বরবিহীন পিকআপ আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৫১ অপরাহ্ন


সিলেটে ১ হাজার ৫৭৫ কেজি ভারতীয় চা-পাতাসহ একটি নম্বরবিহীন ডিআই পিকআপ আটক করেছে এয়ারপোর্ট থানা-পুলিশ। জব্দ করা চা-পাতার আনুমানিক মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা বলে দাবি পুলিশের।


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  


পুলিশ জানায়, গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এয়ারপোর্ট থানার সাহেব বাজার এলাকার সাহেববাজার স্কুল অ্যান্ড কলেজের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি নম্বরবিহীন ডিআই পিকআপকে থামার সংকেত দেওয়া হলে চালক সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ গাড়িটিকে পেছন থেকে ধাওয়া করে।


একপর্যায়ে চালক ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা এয়ারপোর্ট থানার সাহেবের বাজার এলাকার ফতেগড় সাকিনে ডাক্তার লিয়াকত আলীর বাসার সামনে সাহেবের বাজার থেকে ধোপাগুলগামী পাকা সড়কের ওপর পিকআপটি রেখে পালিয়ে যান।


পরে পুলিশ পরিত্যক্ত পিকআপটিতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫৭৫ কেজি ভারতীয় চা-পাতা জব্দ করে। জব্দ করা চা-পাতার আনুমানিক মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।


অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

অবৈধ চা পাতা, ভারতীয় চা, চোরাচালান, পিকআপ আটক, এয়ারপোর্ট থানা, এসএমপি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ