০২ সেপ্টেম্বর ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

সিলেটে বিএনপির বৃক্ষরোপণ, ‘কোনো ষড়যন্ত্রই অগ্রযাত্রা থামাতে পারবে না’

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫০ অপরাহ্ন


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ বছরের ইতিহাস ত্যাগ, সংগ্রাম ও জনগণের পাশে থাকার ইতিহাস বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।


তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই ৪৮ বছরের ইতিহাস হলো ত্যাগ, সংগ্রাম ও জনগণের পাশে থাকার ইতিহাস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও মানুষের অধিকার আদায়ে বিএনপির ভূমিকা অনন্য। তাদের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণে কাজ করছেন। তাঁর নেতৃত্বে আজ সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ। কোনো ষড়যন্ত্রই বিএনপির এই জনকল্যাণমুখী অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না।’


বুধবার (২ সেপ্টেম্বর) সিলেট নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দান প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় সভাপতির বক্তব্যে নাসিম হোসাইন এসব কথা বলেন।


কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপি এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়।


নাসিম হোসাইন বলেন, ‘আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে সবুজ বিপ্লব, খাল খনন এবং গণমুখী পরিবেশবান্ধব রাজনীতির সূচনা করেছিলেন। তাঁর সেই আদর্শকে বুকে ধারণ করেই আজ আমরা সারা দেশে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।’


নাসিম হোসাইন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারের অন্যতম মূল অঙ্গীকার এবং দেশের সবুজ বিপ্লবকে বাস্তব রূপ দিতে পাঁচ বছরে সারা দেশে মোট ২৫ কোটি বৃক্ষরোপণের এক যুগান্তকারী ও মহাপরিকল্পনা ঘোষণা করেছেন। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ঝুঁকি ও বৈশ্বিক উষ্ণায়ন থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করার জন্য এটি একটি দূরদর্শী ও ঐতিহাসিক পদক্ষেপ। প্রধানমন্ত্রীর এই লক্ষ্যকে সফল করতে হলে কেবল সরকারি উদ্যোগে সীমাবদ্ধ থাকলে চলবে না; আমাদের ছাত্রসমাজ, যুবসমাজ এবং সাধারণ জনগণসহ প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এই সবুজ বিপ্লবের অংশীদার হতে হবে।’


কর্মসূচিটি পরিচালনা করেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।


এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির শাহীন, মহানগর বিএনপির সহসভাপতি আব্দুর রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, শুয়াইব আহমদ শোয়েব, মঞ্জুরুল হাসান মঞ্জু, মতিউল বারী খুর্শেদ ও নাদির খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, রফিকুল ইসলাম রফিক ও আতিকুর রহমান পাপ্পু প্রমুখ। 


কর্মসূচিতে সিলেট মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকী, বৃক্ষরোপণ, নাসিম হোসাইন, শাহী ঈদগাহ, সিলেট মহানগর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ