০৪ সেপ্টেম্বর ২০২৬

দৈনন্দিন / নগরজীবন

সিসিকের বর্ধিত ওয়ার্ডে অবকাঠামো উন্নয়নে জোর, উলাকিপাড়ায় ৩ কোটি টাকার নতুন প্রকল্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৪:২১ অপরাহ্ন


সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্ধিত ওয়ার্ডগুলোতে দীর্ঘদিনের অবকাঠামোগত ঘাটতি দূর করতে উন্নয়নকাজে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে নগরের ৪২ নম্বর ওয়ার্ডের উলাকিপাড়ায় প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে।


বৃহস্পতিবার দুপুরে উলাকিপাড়ায় এসব কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বর্ধিত ওয়ার্ডগুলো দীর্ঘদিন ধরে নানা দিক থেকে অবহেলিত। এসব এলাকার উন্নয়নে প্রথমেই যোগাযোগব্যবস্থা ঠিক করা প্রয়োজন।


সিসিক প্রশাসক বলেন, ৪২ নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে প্রায় ১৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়নকাজ নেওয়া হয়েছে। উলাকিপাড়ার সড়ক ও ড্রেন নির্মাণের প্রকল্পটি এরই অংশ। পর্যায়ক্রমে বর্ধিত এলাকার অন্যান্য সড়ক ও প্রয়োজনীয় অবকাঠামোও উন্নয়ন করা হবে।


বর্ধিত এলাকার বাসিন্দাদের সিটি করপোরেশনের সেবা পেতে যাতে নগরের মূল অংশে ছুটতে না হয়, সে জন্য কদমতলী এলাকায় অঞ্চল ৫ এর কার্যালয় চালু করা হয়েছে বলে জানান তিনি। স্থানীয় বাসিন্দাদের ওই কার্যালয় থেকে প্রয়োজনীয় সেবা নেওয়ার আহ্বান জানান সিসিক প্রশাসক।


সিটি করপোরেশনের আয় ও উন্নয়ন ব্যয়ের সীমাবদ্ধতার কথাও তুলে ধরে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিসিকের উন্নয়নকাজের একটি বড় অংশ নিজস্ব আয়ের ওপর নির্ভরশীল। কিন্তু করপোরেশনের নিজস্ব আয় তুলনামূলক কম।


অন্যদিকে সিটি করপোরেশনের পরিধি বাড়লেও নতুন যুক্ত এলাকাগুলো থেকে এখনো ট্যাক্স আদায় করা সম্ভব হয়নি। এ কারণে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ কাজে লাগিয়ে বর্ধিত ওয়ার্ডগুলোতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, নগরের পুরোনো অংশের পাশাপাশি বর্ধিত এলাকার বাসিন্দাদের জীবনমান উন্নয়নেও সমান গুরুত্ব দিতে হবে। সড়ক, ড্রেনসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন ধাপে ধাপে করা হবে।


অনুষ্ঠান শেষে ফলক উন্মোচনের মাধ্যমে সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিসিক প্রশাসক।


পরে উলাকিপাড়ায় ভরাট হয়ে যাওয়া একটি খালের খননকাজ দেখতে যান আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে জানতে চান।


স্থানীয় বাসিন্দারা জানান, খালটি দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকায় পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছে। খালটি পুনরুদ্ধার করা গেলে এলাকার জলাবদ্ধতা কমাতে তা ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।


অনুষ্ঠানে সিসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নূসরাত লায়লা নীরা, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম সিদ্দিকী, মোগলাবাজার থানা বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত, সদস্যসচিব জামাল আহমদ, সাবেক মেম্বার গিয়াস উদ্দিন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি সুমন শিকদার, মহানগর যুবদলের সহসভাপতি নজরুল ইসলাম, বিএনপি নেতা সেলিম আহমদসহ সিসিকের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট সিটি করপোরেশন, উলাকিপাড়া উন্নয়ন, ৪২ নম্বর ওয়ার্ড, সিলেট সড়ক উন্নয়ন, বর্ধিত ওয়ার্ড

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ