আসিফ মাহমুদের বিরুদ্বে দুর্নীতির অনুসন্ধান শুরু
অনিয়ম-দুর্নীতি
প্রকাশঃ ২ সেপ্টেম্বর, ২০২৬ ৫:১৬ অপরাহ্ন
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এজন্য চার সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।
দুদক সূত্রে জানা গেছে, আসিফ মাহমুদ ছাড়াও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মাহবুব-উল-আলম, সাবেক যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জুবায়ের হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
অভিযোগের বিষয়ে দুদক বলছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা থাকাকালে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে অনিয়মের মাধ্যমে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, মন্ত্রণালয়ের অধীন ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন জায়গায় পদায়নের আদেশ দেওয়ার বিনিময়ে ৭৬ লাখ টাকা নেওয়া হয়েছে। এ ছাড়া ১৫০ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতির ক্ষেত্রে দেড় কোটি টাকা এবং পদোন্নতির পর পছন্দের কর্মস্থলে পদায়নের জন্য আরও ২ কোটি টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে।
এসব অনিয়মের সঙ্গে যুব উন্নয়ন অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তার সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।
দুদক সূত্র জানায়, অভিযোগের অনুসন্ধানে চার সদস্যের দলটির নেতৃত্ব দেবেন উপপরিচালক মো. জাহিদ কালাম। দলের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক মো. নাসরুল্লাহ হোসেন, উপসহকারী পরিচালক ইমরান আকন এবং উপসহকারী পরিচালক রোমান উদ্দিন।
দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগের বিষয়ে অনুসন্ধানের পরই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এটিই দুদকের প্রথম অনুসন্ধান শুরুর ঘটনা।
আসিফ মাহমুদ, দুদকের অনুসন্ধান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, দুর্নীতির অভিযোগ, অন্তর্বর্তী সরকার